পটিয়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১
চট্টগ্রামের পটিয়া উপজেলার বরলিয়া ইউনিয়নে এক বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে (১৩) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ছাড়া ধর্ষণের কারণে অন্তঃসত্ত্বা ওই কিশোরীর জোর করে গর্ভপাত ঘটানো হয়েছে বলেও অভিযোগও পাওয়া গেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গতকাল শনিবার প্রতিবেশী আহমদ নুরসহ (৫৮) চারজনকে আসামি করে পটিয়া থানায় মামলা করেছেন ওই কিশোরীর মা। মামলার অন্য আসামিরা হলেন আহমদ নুরের ছেলে ফোরকান (২৮), স্ত্রী নুরুন্নাহার (৪৮) ও ইয়াছমিন আকতার (৫০) নামের এক নারী।
মামলার এজাহারে বলা হয়, আহমদ নুর বুদ্ধিপ্রতিবন্ধী ওই কিশোরীর প্রতিবেশী। গত ফেব্রুয়ারিতে তিনি ওই কিশোরীকে নানা প্রলোভন দেখিয়ে বাড়ির পাশের নির্জন বাগানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন। এতে সে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। কয়েক দিন আগে তার পরিবার বিষয়টি জানতে পারে। ঘটনা জানাজানি হলে আসামির পরিবার কিশোরীর পরিবারকে জমি দিয়ে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে। কিশোরীর পরিবার এতে রাজি না হওয়ায় গত শুক্রবার সকালে কিশোরীকে গোপনে বাড়ি থেকে চট্টগ্রাম নগরে নিয়ে গিয়ে গর্ভপাত ঘটানো হয়। বিষয়টি জানতে পেরে কিশোরীর পরিবারের সদস্যরা নগরের শুলকবহর এলাকায় ধাত্রী ইয়াছমিনের বাড়িতে গিয়ে হাজির হন। সেখান থেকে কিশোরীকে উদ্ধার করতে পারলেও ধর্ষকের পরিবারের লোকজন পালিয়ে যান।
মামলার তদন্ত কর্মকর্তা পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ মোশারফ হোসেন জানান, এ ঘটনায় ইয়াছমিন আকতারকে গ্রেপ্তার করা হয়েছে।