পটিয়ায় বিক্ষুব্ধ জনতার যানবাহন ভাঙচুর
চট্টগ্রামের পটিয়ায় বাস টার্মিনাল এলাকা থেকে ডাক বাংলার মোড় পর্যন্ত চট্টগ্রাম-আরাকান মহাসড়কে বিক্ষুব্ধ জনতা ইটপাটকেল নিক্ষেপ করে বিআরটিসির বাসসহ বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে। পরে জাতীয় পার্টির অফিসের সামনে টায়ার জ্বালিয়ে তাঁরা বিক্ষোভ দেখায়। তবে ওই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
বিকেল সাড়ে চারটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা বিভিন্ন অলিগলিতে অবস্থান করে পুলিশ ছাড়াও চলন্ত গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল ছুড়ছিল।
এর আগে বেলা তিনটার দিকে কিছু উচ্ছৃঙ্খল যুবকের বিরুদ্ধে পাইক পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ব্যালট পেপার ছিনতাই, ব্যালটে ছিল মারার অভিযোগ ওঠে। এ সময় ওই যুবকেরা সহকারী প্রিসাইডিং অফিসারকে মারধরও করে। ওই ঘটনাকে কেন্দ্র পরে জনতা বিক্ষুব্ধ হয়ে ওঠে। বর্তমানে ওই এলাকায় পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ বলেন, জাতীয় পার্টির প্রার্থীর সমর্থকেরা এই ঘটনার সঙ্গে জড়িত। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।