পটিয়ায় বিদ্যুৎ কার্যালয়ে আচমকা হামলা-ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ায় চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। হামলায় পল্লী বিদ্যুৎ সমিতির দুই নারী কর্মকর্তা আহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল শনিবার দুপুর সোয়া ১২টার দিকে পটিয়ার ইন্দ্রপুলে বিদ্যুৎ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন পল্লী বিদ্যুৎ সমিতির ক্যাশিয়ার রেহেনা আকতার ও সহকারী ক্যাশিয়ার সুমাইয়া আকতার। তাঁরা দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পটিয়ার এই কার্যালয়টি থেকে পুরো দক্ষিণ চট্টগ্রামের বিদ্যুৎ-সংযোগ ও সরবরাহ নিয়ন্ত্রণ করা হয়। গতকাল সোয়া ১২টার দিকে আনুমানিক দুই শতাধিক লোকজন পল্লী বিদ্যুৎ সমিতির এই প্রধান কার্যালয়ে ঢুকে ভাঙচুর শুরু করেন। এঁদের মধ্যে কয়েকজন নারীও ছিলেন। হামলাকারীদের হাতে ঝাড়ু, লাঠি, হাতুড়ি, লোহার রড ও শাবল ছিল। তাঁরা ‘রাজাকার, স্বাধীনতা বিরোধী ও দুর্নীতিবাজ জিএম তুই কবে যাবি’ স্লোগান দিতে দিতে হামলা চালায়। এ সময় কাচের টুকরার আঘাতে দুই নারী কর্মকর্তা আহত হন। ভাঙচুর চালিয়ে দ্রুত সমিতি কার্যালয় ছেড়ে চলে যান হামলাকারীরা।

গতকাল দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, হামলাকারীরা বিদ্যুৎ কার্যালয়ের কাচের দেয়াল, ক্যাশ কাউন্টার, টেবিলের কাচ ভাঙচুর ও আসবাবপত্র ব্যাপক তছনছ করেছে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা কম ছিল।  

বিদ্যুৎ সংকটের কারণে বিক্ষুব্ধ লোকজন এ হামলা চালিয়েছে বলে ধারণা করছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন। তিনি বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। হামলাকারীরা খুব অল্প সময়ের মধ্যে ভাঙচুর করে চলে যান।’

তবে পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক এ এইচ এম মোবারক উল্লাহর দাবি, বিদ্যুৎ গ্রাহকেরা নন, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালিয়েছে। গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে তিনি বলেন, ঘূর্ণিঝড়ের সময় ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনগুলোর ৯৯ শতাংশই তিন দিনের মধ্যে চালু করা হয়েছে। তাই বিক্ষুব্ধ গ্রাহকের হামলা চালানোর প্রশ্নই ওঠে না। হামলাকারীদের কয়েকজনকে চিনতে পেরেছি। তাঁরা কেউ পল্লী বিদ্যুতের গ্রাহক নন বলেও দাবি করেন তিনি।

মহাব্যবস্থাপক আরও বলেন, তিনি এক বছর আগে এই কার্যালয়ে যোগদান করেন। কাজে যোগ দিয়ে তিনি নানা অনিয়ম-দুর্নীতি বন্ধ করেন। এ কারণে কিছু লোক তাঁর ওপর ক্ষুব্ধ। গতকালের হামলায় প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বলেন, এটা পূর্ব পরিকল্পিত হামলা বলেই মনে হচ্ছে। ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।