চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পশ্চিম হাইদগাঁও গ্রামে গতকাল গতকাল শুক্রবার ভোরে মদ্যপ বড় ভাইয়ের ছুরিকাঘাতে এক ছোট ভাই নিহত ও আরেকজন গুরুতর আহত হয়েছেন। পরিবার ও পুলিশ সূত্র এ কথা জানিয়েছে।
নিহত আজগর আলী (২৮) বিকাশের বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন। একই ঘটনায় আহত ছোট ভাই আকবর আলী (২২) গাছবাড়িয়া সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র।
পরিবার ও পুলিশ সূত্র জানায়, গতকাল ভোরে আজগর আলীর বড় ভাই লিয়াকত আলী (৩৫) পাশের গ্রামে একটি গায়েহলুদের অনুষ্ঠান থেকে ঘরে এসে স্ত্রী ইয়াছমিন আকতারকে মারধর করতে থাকেন। এ সময় চিৎকার শুনে পাশের কক্ষ থেকে এসে লিয়াকতের ছোট দুই ভাই আজগর আলী ও আকবর আলী লিয়াকতকে থামানোর চেষ্টা করেন। এতে ক্ষিপ্ত হয়ে লিয়াকত দুই ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। গুরুতর আহত দুই ভাইকে প্রথমে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসকেরা আজগরকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আকবর ওই হাসপাতালে চিকিৎসাধীন।
আজগরের বাবা নাজিম উদ্দিন বলেন, তিনি ভোরে বাড়ির পাশের মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। খবর পেয়ে দ্রুত ঘরে এসে তিনি জানতে পারেন স্ত্রীকে মারধর করতে বাধা দেওয়ায় লিয়াকত ছোট দুই ভাইকে ছুরিকাঘাত করে পালিয়ে গেছেন।
স্থানীয় সূত্র জানায়, লিয়াকত প্রায়ই মদ্যপান করে স্ত্রীসহ ঘরের লোকজনের সঙ্গে খারাপ আচরণ করেন।
লিয়াকত দীর্ঘদিন বিদেশ ছিলেন। ছয় মাস আগে তিনি দেশে আসেন।
পটিয়া থানার উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্ল্যাহ চৌধুরী বলেন, লিয়াকত খারাপ প্রকৃতির লোক। মদ্যপান করে এসে তিনি দুই ভাইকে ছুরিকাঘাত করেছেন।