পটিয়ায় যাত্রী পরিবহন নিয়ে সংঘর্ষ
যাত্রী পরিবহন নিয়ে মাইক্রোবাসের শ্রমিকদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন। গতকাল শনিবার ভোরে চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় এই ঘটনা ঘটে। এতে প্রায় এক ঘণ্টা গাড়ি চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পাঁচজনকে আটক করে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, গতকাল ভোর পাঁচটায় পটিয়াগামী একটি বাস থেকে যাত্রীদের প্ররোচিত করে মাইক্রোবাসে ওঠানোর চেষ্টা করেন একটি মাইক্রোবাসের চালকের এক সহকারী। এ নিয়ে বাসশ্রমিকেরা মাইক্রোবাসের শ্রমিকদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে দুপক্ষ লাঠিসোঁটা নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। এতে সাত-আটজন আহত হন। আহত ব্যক্তিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাস ও মাইক্রোবাস ভাঙচুর করা হয়। পরে পুলিশ ও র্যাব এসে সংঘর্ষ থামায়।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, সংঘর্ষের সময় বাসশ্রমিকেরা কয়েকটি গাড়ি রাস্তায় আড়াআড়ি করে রাখেন। এতে ওই পথে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শী মো. নুরুল আফসার বলেন, সংঘর্ষের সময় রাস্তায় গাড়ি আড়াআড়ি করে রাখায় সেতুর দুদিকে বিপুলসংখ্যক গাড়ি আটকা পড়ে। অনেক যাত্রী গাড়ি থেকে নেমে হেঁটে সেতু পার হন। ঘণ্টা খানেক পর গাড়ি সরানো হলে যান চলাচল স্বাভাবিক হয়।
আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মোহাম্মদ মিয়া প্রথম আলোকে বলেন, দ্রুত সময়ে গন্তব্যে নিয়ে যাওয়ার কথা বলে মাইক্রোবাসের চালক-শ্রমিকেরা বাসযাত্রীদের তাঁদের গাড়িতে তুলে নিচ্ছেন। তিনি বলেন, আজ (শনিবার) ভোরে পটিয়াগামী বাস থেকে যাত্রী নামিয়ে মাইক্রোবাসে তোলা হচ্ছিল। বাসশ্রমিকেরা বাধা দেওয়ায় মাইক্রোবাসের চালক-শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। হামলাকারীরা কয়েকটি বাস ও দুটি কাউন্টার ভাঙচুর করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম হাইএইস-মাইক্রোবাস মালিক সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক আবদুর রহিম বলেন, ‘মাইক্রোবাস সমিতির নিয়ন্ত্রণ ১০-১২ দিন আগে আমাদের হাতছাড়া হয়ে গেছে। বাসমালিক সংগঠনের একজন নেতার বহিরাগত ক্যাডার ও চাঁদাবাজদের নিয়ন্ত্রণ চলে গেছে। তারাই সেতু এলাকায় বাস, মাইক্রোবাস ও যাত্রী নিয়ন্ত্রণ করছে। যাত্রীরা বাসে উঠবেন, নাকি মাইক্রোবাসে উঠবেন, তা ওরাই ঠিক করছে। আবার ওরাই এসব নিয়ে মারামারি করছে। আজকের (শনিবার) সংঘর্ষের সঙ্গে আমাদের সংগঠনের কোনো সম্পৃক্ততা নেই।’
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল মনসুর বলেন, পরিবহনশ্রমিকেরা বিবাদে জড়ালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে।