পটিয়ায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলায় নূর হোসেন (২৩) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার রাতে উপজেলার বড়লিয়া ইউনিয়নের বাড়ৈকাড়া গ্রামে।
নিহত নূর হোসেন পার্শ্ববর্তী জঙ্গলখাইন ইউনিয়নের উনাইনপুরা গ্রামের নূরুল ইসলামের ছেলে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাতে বড়লিয়া ইউপির নারী সদস্য ফেরদৌস আরা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে রাতে নূর হোসেনের মৃত্যুর পর উত্তেজিত জনতার হামলায় আহত হয়েছেন পটিয়া সংবাদপত্র হকার্স সমিতির সভাপতি ও বরলিয়া ইউপি সদস্য মোহাম্মদ আসহাব উদ্দিন। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বশত্রুতার জের ধরে নূর হোসেনের এক বন্ধু তাঁকে রোববার সন্ধ্যায় বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এ সময় তাঁকে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বাড়ৈকাড়া আসকরদীঘির পাড়ে নির্জন স্থানে নিয়ে স্থানীয় একদল লোকে তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে। ঘটনার খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য আসহাব উদ্দিন ও ফেরদৌস আরা বেগমসহ কয়েকজন লোক মুমূর্ষু অবস্থায় তাঁকে রাত নয়টার দিকে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করলে নূর হোসেনের লোকজন আহসাব উদ্দিনের ওপর হামলা করে। ঘটনার খবর পেয়ে পুলিশ আহসাব উদ্দিনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
নূর হোসেনের মা হালিমা আকতার বলেন, ‘আমার ছেলে নূর হোসেন কোনো খারাপ কাজে জড়িত ছিল না। মানুষের বাড়ি গিয়ে কাপড় সংগ্রহ করে এনে ঘরে বসে দরজির কাজ করত। রোববার সন্ধ্যায় আমার ছেলে ইফতারি নিয়ে ঘরে আসে। এ সময় মহিলা মেম্বার ফেরদৌস আরা বেগমের ছেলে শিবলী এসে নূরকে ঘর থেকে ডেকে নিয়ে যায়। এরপর শুনি, ছেলেকে হত্যা করা হয়েছে।’
অপর একটি সূত্রে জানা গেছে, আসকরদীঘির পাড়ে রাতে একদল যুবক মদ্যপান করে আড্ডা দিত। ওখানে নূর হোসেনও যেত। এতে এলাকার ক্ষুব্ধ লোকজন নূর হোসেনকে পিটিয়েছেন।
তবে বড়লিয়া ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম ওই ধরনের ঘট্নার সঙ্গে নূর হোসেনের জড়িত থাকার কথা অস্বীকার করেছেন।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুদ্দিন খলিফা বলেন, ‘বিষয়টি শুনেছি, তবে ওই দিন পূর্বশত্রুতার জের ধরে সন্ধ্যায় নূর হোসেনকে এক বন্ধু বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে। ইউপি সদস্য ফেরদৌস আরা বেগমকে এ ঘটনার ইন্ধনদাতা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে।’
পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা এসআই কতুব উদ্দিন বলেন, এ ব্যাপারে নূর হোসেনের বাবা নুরুল ইসলাম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০ থেকে ৩০ জনের বিরুদ্ধে পটিয়া থানায় একটি মামলা করেছেন।