পটিয়ায় শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগ
চট্টগ্রামের পটিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাবেক কাউন্সিলর অশোভন আচরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে পটিয়ার সাংসদ সামশুল হক চৌধুরী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেমের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
গত মঙ্গলবার সকালে পৌর এলাকার পশ্চিম পটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরিচালনা কমিটির সভা চলছিল। সভা চলাকালে সাবেক কাউন্সিলর মোহাম্মদ ইব্রাহিম সেখানে হাজির হন। তাঁকে কেন সভায় আমন্ত্রণ জানানো হয়নি, এ নিয়ে অন্যদের সামনে প্রধান শিক্ষক শাহিনা ইয়াছমিনের সঙ্গে তিনি অশোভন আচরণ করেন। প্রধান শিক্ষক কীভাবে এ বিদ্যালয়ে চাকরি করবেন, তা দেখে নেবেন বলেও হুমকি দেন তিনি।
প্রধান শিক্ষক শাহিনা ইয়াছমিন বলেন, তিনি (কাউন্সিলর) সবার সামনে তাঁর সঙ্গে খারাপ আচরণ করেন। চিৎকার করে কথা বলছিলেন। সভায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। একপর্যায়ে তিনি সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়েও খারাপ মন্তব্য করেন। কমিটির পুরুষ সদস্যারা তাঁকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হন। অভিযোগের বিষয়ে মোহাম্মদ ইব্রাহিম বলেন, প্রধান শিক্ষককে খারাপ আচরণ করার কোনো প্রশ্নই আসে না। তিনি বলেন, আমি টানা ১০ বছর এ বিদ্যালয়ের কমিটিতে ছিলাম। যেহেতু নতুন কমিটি হচ্ছে, সে ব্যাপারে আমাকে জানাতে পারত।’
এ বিষয়ে ইউএনও আবুল হাসেম বলেন, ১৮ সেপ্টেম্বর তাঁর কার্যালয়ে বিষয়টি নিয়ে শুনানি হবে।