নাশকতার পরিকল্পনার অভিযোগে চট্টগ্রামের পটিয়া থেকে ইসলামী ছাত্রশিবিরের ১০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে পটিয়া পৌর এলাকার দক্ষিণ গোবিন্দারখীল এলাকার একটি মেস থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন উসকানিমূলক বই, ব্যানার, সরকারবিরোধী পোস্টার উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ১০ জন চট্টগ্রাম নগর ও আশপাশের উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র। তাঁদের বাড়ি পটিয়া, বাঁশখালী, লোহাগাড়া ও সাতকানিয়ায়। পুলিশ বলছে, তাঁরা বিভিন্ন এলাকা থেকে সেখানে জড়ো হয়ে ‘গোপন বৈঠক’ করছিলেন।
গ্রেপ্তার শিবিরের নেতা-কর্মীরা চন্দনাইশের বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়, বিজিসি ট্রাস্ট কলেজ, সরকারি মুহসীন কলেজ, সিটি কলেজ, পটিয়া সরকারি কলেজ, লোহাগাড়া কলাউজান উচ্চবিদ্যালয় ও পটিয়ার শাহচাঁন্দ আউলিয়া কামিল মাদ্রাসার ছাত্র।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেফায়েত উল্লাহ চৌধুরী প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় তিনটার দিকে দক্ষিণ গোবিন্দারখীল ‘ইসলাম মঞ্জিলের’ একটি মেসে গোপন বৈঠক করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়। বৈঠকে তাঁরা নাশকতার পরিকল্পনা করছিলেন। তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
পটিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শামীম হোসেন বলেন, এলাকায় কিংবা চট্টগ্রাম নগরে থাকলে তাঁরা গ্রেপ্তার হতে পারেন—এ কারণে শিবিরের অনেকেই পটিয়ায় আস্তানা করছেন। তাঁদের বিরুদ্ধে এলাকায় কোনো মামলা আছে কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে।