পটিয়ায় সংঘর্ষ, মহাসড়কে গাড়ি চলেনি ৪০ মিনিট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটিয়ার শান্তিরহাটে হেফাজতে ইসলাম-সমর্থিত বাংলাদেশ মুজাহিদ কমিটির ওয়াজ মাহফিলের মঞ্চ ভাঙার চেষ্টা করেছে ইসলামী ফ্রন্ট। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের শান্তিরহাটে প্রায় ৪০ মিনিট গাড়ি চলাচল বন্ধ থাকে। আজ বুধবার বিকেলে মুজাহিদ কমিটির মাহফিল হওয়ার কথা রয়েছে। তারা স্থানীয় প্রশাসনের অনুমতিও নিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল মঙ্গলবার বিকেলের এই সংঘর্ষের সময় ১৫-২০টি গাড়ি ভাঙচুর করা হয়। ইটের আঘাতে অন্তত তিন পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ১১ জনকে আটক করা হয়েছে।

চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এ কে এম এমরান ভুঞা প্রথম আলোকে বলেন, ‘কওমিপন্থী বাংলাদেশ মুজাহিদ কমিটি প্রশাসনের অনুমতি নিয়ে মাহফিল করার প্রস্তুতি নেয়। কিন্তু পটিয়ার শান্তিরহাটে কোনো অবস্থায় ইসলামী মাহফিল করতে দিতে চাইছেন না সুন্নিপন্থী মুসল্লিরা। তারা মাহফিল বানচাল করতে আচমকা হামলা চালায়।’

এমরান ভুঞা আরও বলেন, প্রায় দেড় হাজার সুন্নিপন্থী মুসল্লি মঞ্চের তিন দিকে হামলা চালান। এতে তিন-চারজন পুলিশ সদস্য আহত হন। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

সুন্নিপন্থীদের সংগঠন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক আলী হোসেন বলেন, ‘কওমিপন্থী মাওলানারা প্রতিবছর ইসলামি সম্মেলনের নামে শান্তিরহাট এলাকায় সুন্নিপন্থীদের বিরুদ্ধে বিষোদ্‌গার করেন। এ জন্য সপ্তাহ দুয়েক আগে পটিয়ার প্রশাসনকে অভিযোগ দিয়ে কওমিপন্থীদের নিবৃত্ত রাখার দাবি জানাই আমরা।’

আলী হোসেন আরও বলেন, ‘পটিয়ার শান্তিরহাটে কওমিদের সম্মেলন হওয়ার কথা ছিল না। সেখানে আমাদের একটি মঞ্চ বানানো হয়। সোমবার রাতে কওমিপন্থীরা সেই মঞ্চ ভেঙে দিলে আমরা আজ (মঙ্গলবার) সেখানে প্রতিবাদ কর্মসূচি ডাকি। ওই জায়গায় আজ (মঙ্গলবার) কওমিপন্থীদের মঞ্চ তৈরির সুযোগ করে দেয় পুলিশ। সুন্নিরা কর্মসূচি পালন করতে গেলে পুলিশ বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ জন্য কওমিপন্থী ও পুলিশ দায়ী।’

পটিয়ার কওমিপন্থী আল জামিয়া আল আরাবিয়া ইসলামিয়া জিরি মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ ওয়াইব বলেন, ‘শান্তিরহাটে ওয়াজ মাহফিল করার জন্য চার মাস আগে প্রস্তুতি নেওয়া হয়। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন অনুমতি দেয়। কিন্তু সুন্নিপন্থীরা আমাদের মাহফিল বানচাল করতে মঞ্চ ছাড়াও শান্তিরহাট এলাকায় দোকানপাট ও গাড়ি ভাঙচুর করে।’