পটিয়ায় স্বামী ও সতিনের হাতে গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নের লাখেরা গ্রামে গত শনিবার রাতে স্বামী-সতিনের হাতে উর্মি আকতার (১৮) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল রোববার সকাল ১০টায় বাড়ি থেকে ৮০০ গজ দূরে ধানি জমি থেকে স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ ঘটনাস্থল থেকে তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ স্বামী রমজান আলী (৩৫) ও তাঁর প্রথম স্ত্রী আয়শা বানুকে (২৫) আটক করেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, দেড় বছর আগে একই গ্রামের মোহাম্মদ নাছেরের মেয়ে উর্মি আকতারের সঙ্গে তুফান আলীর ছেলে রমজান আলীর তৃতীয় বিয়ে হয়। এ সময় তাঁর প্রথম স্ত্রী আয়শা বানু রমজান আলীর সঙ্গে থাকলেও দ্বিতীয় স্ত্রী তাঁকে ছেড়ে চলে যান। রমজান আলী স্থানীয় ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চাকরিজীবী। রমজান একজন মাদকসেবী। মঙ্গলবার রাতে তাঁর স্বামীর কয়েকজন মাদকসেবী বন্ধু এসে উর্মিকে ঘুম থেকে ডেকে তুলে নির্যাতন করার চেষ্টা করেন।
এদিকে গত শনিবার রাত তিনটার দিকে হঠাৎ তাঁর স্বামী রমজান আলী ও স্ত্রী আয়েশা বানু তাঁর বাবার বাড়িতে গিয়ে পরিবারের লোকজনকে বলেন, উর্মিকে পাওয়া যাচ্ছে না। তাই গতকাল রোববার ভোরে বাড়ি থেকে দুই মাইল দূর থেকে উর্মির পরিবারের লোকজন এসে তাঁকে খোঁজাখুঁজি করেন। সকাল ১০টার দিকে ধানি জমিতে একটি লাশের খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তাঁদের মেয়েকে শনাক্ত করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
নিহত উর্মি আকতারের বাবা মোহাম্মদ নাছের বলেন, গত শনিবার রাত ১০টার দিকে তাঁর মেয়ে তাঁকে ফোন করে বলে, তার নয় মাসের ছেলের জ্বর হয়েছে। কিন্তু রাত তিনটার দিকে হঠাৎ তার স্বামী ও সতিন এসে জানায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তিনি বলেন, তাঁর মেয়েকে তারা হত্যা করে ধানি জমিতে লাশ ফেলে দিয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ধারণা করা হচ্ছে, স্বামী ও সতিন মিলে উর্মিকে শ্বাসরোধে হত্যা করে তাঁকে খুঁজে না পাওয়ার অভিনয় করেছে। স্বামী ও সতিনকে জিজ্ঞাসাবাদে প্রকৃত রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে। এ ব্যাপারে নিহত উর্মির বাবা বাদী হয়ে মামলা করবেন বলে প্রস্তুতি চলছে।