পটিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুন!
চট্টগ্রামের পটিয়ায় স্বামীর নির্যাতনে জিনু আকতার (২১) নামের এক গৃহবধূ খুনের অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার সকাল ১০টায় স্বামীর বাড়ি থেকে প্রায় ১০কিলোমিটার দূরে বড় উঠান ইউনিয়নের দৌলতপুর উচ্চবিদ্যালয়ের পাশে জঙ্গল থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
জিনু উপজেলার জুলধা ইউনিয়নের সিএনজি অটোরিকশাচালক মোহাম্মদ সৈয়দের (৩৫) স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, পাঁচ মাসে আগে চন্দনাইশ উপজেলার আবদুল গফুরের মেয়ের সঙ্গে পটিয়া উপজেলার জুলধা ইউনিয়নের কালা মিয়ার ছেলে মোহাম্মদ সৈয়দের বিয়ে হয়। বিয়ের পর থেকে প্রায় সময় বাবার বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসার জন্য স্বামী জিনুকে মারধর করতেন। গত শুক্রবারও জিনুকে স্বামী মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেন। পরদিন শনিবার তাঁর বাবা আবদুল গফুর মেয়েকে আবার স্বামীর বাড়িতে দিয়ে আসেন। ওই দিন দুপুরে বাবা বাড়িতে ফিরতে পাশের বাড়ির এক লোকের কাছ থেকে খবর পান তাঁর মেয়ে মারা গেছেন। এ সময় আবদুল গফুর মেয়ের জামাইয়ের কাছে ফোন করে জানতে পারেন, জিনু অজ্ঞান হয়েছে। তাঁকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাবার বাড়ির লোকজন বিভিন্ন হাসপাতালে জিনুকে খুঁজে না পেয়ে শ্বশুরবাড়ি যান। কিন্তু শ্বশুরবাড়ির সব ঘরের দরজা বন্ধ পাওয়ায় আবদুল গফুর মেয়েকে বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে থানায় খবর দেন। এদিকে ঘটনার পর থেকে স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
গতকাল বোববার সকাল ১০টার দিকে স্থানীয় লোকজন দৌলতপুর উচ্চবিদ্যালয়ের পাশে জঙ্গলে এক নারীর লাশ দেখে পুলিশকে খবর দেন। পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে। পরে জিনুর বড় ভাই জালাল উদ্দিন লাশটি তাঁর বোনের বলে শনাক্ত করেন।
জালাল উদ্দিন বলেন, প্রায় সময় তাঁর বোনকে তাঁদের বাড়ি থেকে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসার জন্য স্বামী মারধর করতেন। তাঁর ধারণা, বোনকে হত্যা করে দৌলতপুর উচ্চবিদ্যালয়ের পাশে মোহাম্মদ সৈয়দ ফেলে দিয়েছেন।
পটিয়া থানার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মোল্লা জাহাঙ্গীর কবির বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।