পটুয়াখালীতে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষ
পটুয়াখালীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা নিয়ে গতকাল বুধবার জেলা ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনার পর শহরে উত্তেজনা বিরাজ করছে।
জেলা ছাত্রলীগের একজন কর্মী জানান, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর কাউন্সিলের মাধ্যমে মো. নাসির উদ্দিন হাওলাদারকে জেলা ছাত্রলীগের সভাপতি করে চার সদস্যের একটি আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির বাকি সদস্যরা হলেন সহসভাপতি রিফাত হাসান, সাধারণ সম্পাদক মো. রাশেদ খান ও যুগ্ম সাধারণ সম্পাদক রতন চন্দ্র দাস। এ কমিটি জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্র থেকে অনুমতি নেবে।
রিফাত হাসান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য দলীয় কার্যালয়ে গতকাল এক সভা করা হয়। সভায় তিনি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ সংগঠনের নেতা-কর্মীরা মিলিত হন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে ২০ থেকে ২৫ জনের একটি দল তাঁদের ওপর হামলা চালায়। কার্যালয়ের বেশ কিছু চেয়ার ভাঙচুর করা হয়। এ সময় তিনি এবং যুগ্ম সাধারণ সম্পাদক আহত হন।
রিফাত হাসানের অভিযোগ, অছাত্র ও বিবাহিতদের দিয়ে জেলা ছাত্রলীগের মনগড়া কমিটি করার পাঁয়তারা করা হয়েছিল। তার প্রতিবাদ করায় সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকেরা তাঁদের ওপর এ হামলা চালায়।
তবে জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার বলেন, জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন হওয়ার বিষয়টি তিনি ও সাধারণ সম্পাদক জানেন না। যাঁরা প্রকৃত ছাত্রলীগ করে তাঁদের মধ্যে কোনো কোন্দল নেই বলে দাবি করেন তিনি।
পটুয়াখালী সদর থানার ওসি এস এম জিয়াউল হক জানান, শহরের পুলিশি টহল জোরদার করা হয়েছে।