পটুয়াখালীতে তিন দিন পর অপহৃত শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপহরণের তিন দিন পর গত বৃহস্পতিবার রাতে মাদারীপুর শহরের একটি আবাসিক হোটেল থেকে অলিউল্লাহ (১০) নামের এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে শিশুটির চাচাতো ভাই আল আমিনকে আটক করা হয়।
গত মঙ্গলবার সকালে মাদ্রাসায় যাওয়ার পথে শিশুটি অপহৃত হয়। ওলিউল্লাহর বাড়ি পটুয়াখালীর সদর উপজেলার টিটকাটা গ্রামে।
শিশুর বাবা আনিছ ব্যাপারী ও পুলিশ সূত্রে জানা গেছে, অলিউল্লাহ বাড়ি থেকে এক মাইল দূরে পাটুয়াখালীর বশিরীয়া নুরানী হাফিজী মাদ্রাসায় লেখাপড়া করত। ঘটনার দিন সকাল আটটার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে সে নিখোঁজ হয়। রাত আটটার দিকে অপরিচিত একটি মুঠোফোন নম্বর থেকে মুক্তিপণ হিসেবে পরিবারের কাছে ২৫ লাখ টাকা দাবি করা হয়। আনিছ ব্যাপারী পরদিন পটুয়াখালী সদর থানা পুলিশকে বিষয়টি জানান। এ ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়ের করা হয়।
মুঠোফোনের সূত্র ধরে পুলিশ অপহরণকারীর অবস্থান নিশ্চিত হয়ে মাদারীপুর পুলিশের সহযোগিতায় শহরের একটি আবাসিক হোটেল থেকে শিশুটিকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী আল আমিনকে আটক করা হয়।