পটুয়াখালীতে সাবেক সেনাসদস্য ও রাজবাড়ীতে তরুণ খুন
পটুয়াখালীর দুমকি উপজেলার পশ্চিম কার্ত্তিকপাশা গ্রামে গতকাল সোমবার একটি খেত থেকে জামাল হোসেন (৪৮) নামের অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন রাজবাড়ীর গোয়ালন্দে অজ্ঞাতনামা এক তরুণের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়।
পারিবারিক সূত্র জানায়, গত রোববার রাত সাড়ে ১০টার দিকে জামাল হোসেনের মুঠোফোনে কল আসে। এরপর তিনি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। গতকাল ভোরে তাঁর বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি খেতে গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে জামালের স্ত্রী-কন্যাসহ স্বজনেরা সেখানে গিয়ে লাশ শনাক্ত করেন। পরে দুমকি থানার পুলিশ লাশটি উদ্ধার করে।
জামাল হোসেনের ভাই মো. শহিদুল ইসলাম বলেন, জামাল তিন বছর আগে সেনাবাহিনী থেকে অবসর নেন। তাঁর স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। বাড়ির কাছে মৌকরন সেতু এলাকায় তিনি ইট, বালু ও সিমেন্টের ব্যবসা করতেন।
দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
গোয়ালন্দঘাট থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গতকাল সকাল সাড়ে আটটার দিকে গোয়ালন্দ-রাজবাড়ী বেড়িবাঁধ সড়কে উপজেলার দেবগ্রামে একটি গাছতলায় প্লাস্টিকের বস্তা দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। এরপর পুলিশের একটি দল
সেখানে গিয়ে বস্তার মুখ খুলে হাত-পা বাঁধা এক তরুণের (২৫) লাশ দেখতে পায়। লাশের পরনে ছিল ট্রাউজার।
থানার ওসি এ কে এম নাসির উল্যাহ জানান, ধারণা করা হচ্ছে, দূরের কোথাও ওই তরুণকে শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা
লাশ বস্তায় ভরে সেখানে ফেলে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে।