পটুয়াখালী ও চুয়াডাঙ্গায় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী ও চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে গত সোমবার রাতে পুলিশ আগ্নেয়াস্ত্র ও আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পটুয়াখালী সদর থানা-পুলিশ সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, মাদারবুনিয়া ইউনিয়নের কারাতপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ওই এলাকায় অভিযান চালিয়ে আলম মীরা (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় এলজি, চারটি গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পুলিশ জিজ্ঞাসাবাদে দেওয়া তথ্যের ভিত্তিতে রাতেই শহরের কলাতলা এলাকা থেকে সফিকুল ইসলাম (৩৫) নামের আরেক ব্যক্তিকে আটক করে।
আটক দুই ডাকাতের তথ্যের ভিত্তিতে ওই রাতেই অভিযান চালিয়ে শহরের মুসলিমপাড়া এলাকা থেকে মাজহারুল ইসলাম (৩৫) ও তাঁর সহযোগী ফরিদ উদ্দিনকে (২৫) আটক করা হয়। তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল (নাইন এমএম) উদ্ধার করা হয়। মাজহারুল ইসলাম পটুয়াখালী জেলা জজ আদালতের আইনজীবী বলে জানিয়েছে পুলিশ।
ওসি বলেন, এ ঘটনায় সদর থানায় ডাকাতির চেষ্টা ও অস্ত্র আইনে দুটি পৃথক মামলা হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গার জীবননগর পৌর শহরের আশতলাপাড়ার একটি বাড়িতে পুলিশ সোমবার রাতে অভিযান চালিয়ে একটি শাটারগান, তিনটি উন্নতমানের এয়ারগান, বন্দুকের বাটসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামাদি উদ্ধার করেছে। এ সময় বাড়ির মালিক জহুরুল ইসলামকে (৫৬) পুলিশ আটক করে।
জীবননগর থানার উপপরিদর্শক আবুল হাসেম আশরাফুল ইসলাম বলেন, সোমবার রাত সাড়ে আটটার দিকে তাঁরা গোপন সংবাদের ভিত্তিতে জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালান। জহুরুল ইসলাম আগ্নেয়াস্ত্র তৈরির কারিগর। তবে তাঁর সরকার অনুমোদিত কোনো লাইসেন্স নেই।
থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে। ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।