পটুয়াখালী শ্রমিক দল নেতার লাশ বরগুনায় উদ্ধার
বরগুনার আমতলী শহরের খোন্তাকাটা এলাকায় পটুয়াখালী জেলা শ্রমিক দলের সহসভাপতি মিজানুর রহমানের (৩৮) লাশ পাওয়া গেছে।
পুলিশ জানায়, গতকাল শুক্রবার সকাল সাতটার দিকে নির্মাণাধীন একটি বাড়ির শ্রমিকেরা কাজ করতে এসে মিজানুরের লাশ দেখতে পান। পরে এলাকার লোকজন আমতলী থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে লাশের পরিচয় শনাক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিজানুর রহমানের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, পূর্বশত্রুতার জের ধরে কেউ তাঁকে অন্যত্র হত্যা করে লাশ আমতলীতে ফেলে যায়।
তাৎক্ষণিকভাবে মিজানুরের পরিবার ও পটুয়াখালী জেলা শ্রমিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে কাউকে পাওয়া যায়নি।
পেশায় ঠিকাদার মিজানুর রহমান পটুয়াখালীর টাউন কালিকাপুর এলাকার আজাহার উদ্দিন খন্দকারের ছেলে। আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ওসি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে আটক করা হয়েছে।