পটুয়াখালীতে কিশোরের লাশ উদ্ধার
পটুয়াখালী পৌরসভার কবরস্থান এলাকায় শাহীন আলম ওরফে সবুজ (১৭) নামের এক কিশোরকে হত্যা করার অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার রাতে বাসা থেকে বের হওয়ার পর থেকে সে নিখোঁজ ছিল। আজ শুক্রবার সকালে পৌর কবরস্থানের ড্রেন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত সবুজ শহরের পৌর কবরস্থানের পাশের বিসমিল্লাহ হোটেলের মালিক হাসান মতিউর রহমানের ছেলে। তাদের বাসাও ওই হোটেলের পেছনেই। সে পটুয়াখালী শহরের নিউমার্কেট এলাকায় মুঠোফোন মেরামতের কাজ করত বলে জানা গেছে।
সবুজের বাবা হাসান মতিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার কিছু পরে সবুজকে ফোন করলে সে বাসায় আসছে বলে জানায়। এরপর থেকেই সবুজের মুঠোফোন বন্ধ হয়ে যায়। রাতে সে আর বাসায় ফেরেনি। সবুজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাঁর অভিযোগ।
শুক্রবার সকালে কবরস্থান-সংলগ্ন মসজিদের মোয়াজ্জিন মাসুম বিল্লাহ ও কবরস্থানে কর্মরত জামাল হোসেন ড্রেনে সবুজের মৃতদেহ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে নিয়ে যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুজ্জামান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লাশের মাথা, চোখ ও নাকে-মুখে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।