পটুয়াখালীতে ভুয়া চিকিৎসক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চক্ষু চিকিৎসা দেওয়ার নামে প্রতারণার অভিযোগে এক ভুয়া চিকিৎসক ও তাঁর এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত সোমবার রাতে পটুয়াখালী সদর উপজেলায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার করা দুজন হলেন অহিদুজ্জামান তালুকদার ও তাঁর সহযোগী নুরুল আমিন। অহিদুজ্জামানের বাড়ি সদর উপজেলার জৈনকাঠি ও নুরুলের বাড়ি তেলিখালী গ্রামে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কিছুদিন ধরে নুরুল আমিন উপজেলার বদরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের দ্বিতীয় তলায় চক্ষু ক্যাম্প বসানোর প্রচার চালান। এ সময় অহিদুজ্জামান তালুকদারকে চক্ষু বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেওয়া হয়। তিনিই ওই চিকিৎসাসেবা দেবেন বলে প্রচার করা হয়। সোমবার বিকেলে স্থানীয় লোকজন সেবা নিতে আসেন। অহিদুজ্জামান সন্ধ্যা পর্যন্ত রোগী দেখেন। কিন্তু একপর্যায়ে তাঁর কথাবার্তা ও আচরণে কয়েকজনের সন্দেহ হয়। তখন স্থানীয় লোকজন তাঁকে আটক করেন। পরে অহিদুজ্জামান চিকিৎসক নন বলে স্বীকার করেন। রাতে অহিদুজ্জামান ও তাঁর সহযোগী নুরুলকে পুলিশে সোপর্দ করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।