পটুয়াখালীতে স্ত্রীকে কুপিয়ে হত্যা স্বামী পলাতক
পটুয়াখালী সদর উপজেলায় গত বুধবার রাতে শেফালি বেগম (৪০) নামের এক নারীকে তাঁর স্বামী সুলতান হাওলাদার কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে রক্তমাখা দা উদ্ধার করেছে। ঘটনার পর থেকে সুলতান পলাতক রয়েছেন।
শেফালি বেগম সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ ধরান্দি গ্রামের আবদুল গফুর মৃধার মেয়ে। গফুর মৃধা বলেন, প্রায় ২৫ বছর আগে পাশের উত্তর ধরান্দি গ্রামের সুলতানের সঙ্গে তাঁর মেয়ের বিয়ে হয়। তাঁদের ঘরে তিন ছেলে ও এক মেয়ে রয়েছে। এর মধ্যে এক ছেলে ও মেয়ের বিয়েও হয়েছে। এক বছর ধরে সুলতান ও শেফালির মধ্যে দাম্পত্য কলহ দেখা দেয়। এ নিয়ে দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। শেফালিকে সুলতান শারীরিক নির্যাতনও করতেন। গত শুক্রবার নির্যাতন সইতে না পেরে শেফালি পাশের গলাচিপার কলাগাছিয়া ইউনিয়নের কল্যাণকলস গ্রামে তাঁর (শেফালি) ছোট বোনের বাড়িতে যান।
শেফালির ছোট বোনের স্বামী এনায়েত শরীফ বলেন, মেয়ের ওপর নির্যাতনের খবর পেয়ে গত সোমবার শেফালির বাবা গফুর মৃধা কল্যাণকলস গ্রামে যান। খবর পেয়ে সুলতানও ওই বাড়িতে হাজির হন। এ সময় সুলতান আর এ ধরনের ঘটনা ঘটাবেন না বলে কথা দিয়ে শেফালিকে বাড়িতে নিয়ে যান।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, শেফালির ছেলেমেয়েরা ঢাকায় বিভিন্ন পেশায় কাজ করেন। বাড়িতে স্বামী-স্ত্রী দুজন থাকেন। ঘটনার দিন বুধবার রাতে দা দিয়ে কুপিয়ে শেফালিকে হত্যা করে সুলতান পালিয়ে যান। সকালে ঘর থেকে রক্ত পড়তে দেখে পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পরে পুলিশ শেফালির লাশ উদ্ধার করে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মমিন জানান, নৃশংসভাবে কুপিয়ে শেফালিকে হত্যা করা হয়েছে। তাঁর শরীরে ধারালো অস্ত্রের ৪৯টি আঘাতের চিহ্ন দেখা গেছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা দা উদ্ধার করা হয়েছে।