পটুয়াখালীতে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর হেতালিয়া বাঁধঘাট এলাকায় র্যা ব সদস্যের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গোলাম মাওলা মৃধা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোররাতে এ ঘটনা ঘটে।
র্যা ব-৮ পটুয়াখালী ক্যাম্প থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে চারটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা সড়কের হেতালিয়া বাঁধঘাট এলাকায় একটি বাগানে একদল অস্ত্রধারী সন্ত্রাসী অবস্থান করছিল। র্যা বের টহল গাড়ি ঘটনাস্থলের অদূরে পৌঁছালে গাড়ির হেডলাইটের আলোতে সন্দেহভাজন ব্যক্তিদের দেখে পরিচয় দিয়ে তাদের দিকে অগ্রসর হতে থাকলে সন্ত্রাসীরা তাদের ওপর গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র্যা ব সদস্যরাও পাল্টা গুলি করেন। প্রায় ১৫ মিনিট উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় হয়। পরে পুলিশ ও স্থানীয় ব্যক্তিদের নিয়ে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা সন্ত্রাসী গোলাম মাওলা মৃধাকে শনাক্ত করা হয়। র্যা বের সদস্যরা ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, পিস্তলের তিনটি গুলি, এলজির দুটি কার্তুজ ও ৬০০টি ইয়াবা বড়ি উদ্ধার করেন।
পরে গোলাম মাওলাকে পটুয়াখালী ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত গোলাম মাওলার বাড়ি শহরের টাউন কালিকাপুর এলাকায়। তাঁর বাবার নাম নুরুল হক মৃধা।
র্যা ব জানায়, গোলাম মাওলা পটুয়াখালী জেলার তালিকাভুক্ত সন্ত্রাসী। পটুয়াখালী সদর থানাসহ জেলার বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১৫-১৬টি মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, এ ঘটনায় র্যা বের পক্ষ থেকে পৃথক তিনটি মামলা দায়ের হয়েছে।