পটুয়াখালীর দশমিনায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর দশমিনা উপজেলা শহরে আজ বুধবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। উপজেলা বিএনপির দুই পক্ষ একই সময় একই স্থানে সম্মেলন ও পুনর্মিলনী অনুষ্ঠান ডাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। 

দলীয় সূত্র জানায়, দুই ভাগে বিভক্ত দশমিনা উপজেলা বিএনপির এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান আহ্বায়ক আবদুল আলিম তালুকদার। অন্য পক্ষের নেতৃত্বে রয়েছেন আবদুর রহিম ও সৈয়দ মাহফুজুর রহমান। তাঁরা নিজেদের উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক দাবি করছেন।

আলিমের নেতৃত্বাধীন বর্তমান আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আজ বুধবার সকাল ১০টায় পুরাতন সোনালী ব্যাংক চত্বরে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ডাকা হয়। একই সময় রহিম ও মাহফুজুরের নেতৃত্বাধীন কমিটি একই সময়ে একই স্থানে বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের ডাক দিয়েছে। এ নিয়ে দুপক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।