পড়বি তো পড় মালির ঘাড়েই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেপরোয়া প্রাইভেট কার চালাচ্ছিলেন তিনি। একপর্যায়ে ধাক্কা দিলেন পুলিশের মোটরসাইকেলে। আর যায় কোথায়। ব্যাপারটা ‘পড়বি তো পড় মালির ঘাড়ে’র মতোই। পুলিশ তাঁকে ধরে সোজা হাজির করে আদালতে। এরপর জরিমানা দিয়ে রক্ষা পান তিনি।
ঘটনাটি গত শুক্রবার রাতে নীলফামারীর সৈয়দপুর শহরের শের-এ-বাংলা সড়কের বিজলী সিনেমা মোড়ে। ওই চালকের নাম নূরে আলম সিদ্দিকী ওরফে সাগর (৩৮)। তাঁর বাড়ি সেনানিবাসসংলগ্ন সৈয়দপুর-পার্বতীপুর মহাসড়কের পাশে বাঙালিপুর এলাকায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সৈয়দপুর শহরের শের-এ-বাংলা সড়কে গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে একটি কার বেপরোয়াভাবে চালাচ্ছিলেন নূরে আলম। সৈয়দপুর থানার দুই উপপরিদর্শক (এসআই) এম আর সাইদ ও নাজমুল হক মোটরসাইকেলযোগে ওই সড়কে টহল দিচ্ছিলেন। কারটি এ সময় সজোরে ধাক্কা দেয় মোটরসাইকেলটিকে। এতে পুলিশের দুই কর্মকর্তা সড়কে পড়ে যান। পরে গাড়ির গতি বাড়িয়ে দিয়ে পালাতে চেষ্টা করেন চালক। কিন্তু দ্রুত মোটরসাইকেলে উঠে ওই পুলিশ সদস্যরা ধাওয়া করেন গাড়িটিকে। ধরা পড়ে যান চালক নূরে আলম।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেনের ভাষ্যমতে, ধরা পড়া চালক নূরে আলম সিদ্দিকী নিজেকে কম্পিউটার প্রকৌশলী বলে দাবি করেছেন। তিনি মদ্যপ ছিলেন। পুলিশের কাছে তিনি নেশা করার কথা স্বীকার করেছেন। পরে তাঁকে গতকাল শনিবার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গী চালককে তিন হাজার টাকা জরিমানা করেন।
এ ব্যাপারে নূরে আলম সিদ্দিকীর মুঠোফোনে গতকাল বিকেল সোয়া চারটার দিকে ফোন দিলে তিনি ফোন ধরেন। কিন্তু সাংবাদিক পরিচয় দেওয়ার পর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।