পণ্যবাহী জাহাজে হামলা, ২ নাবিক অপহৃত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর টাংকির বাজার এলাকায় আজ শুক্রবার দুপুরে একটি পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে দুই নাবিককে অপহরণ করেছে জলদস্যুরা। পরে মুঠোফোনে দুই নাবিকের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আজ সকালে কয়লা বোঝাই জাহাজ ‘বিউটি অব ভাগ্যকুল’ ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। দুপুর ১২টার দিকে জাহাজটি রামগতি ও হাতিয়ার সীমান্তবর্তী মেঘনা নদীর টাংকির বাজার এলাকায় পৌঁছালে জলদস্যুরা হামলা চালায়। এ সময় জাহাজের নাবিক কামরুল ইসলাম ও সুকানী জসিম উদ্দিনকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় জলদস্যুরা। পরে দুই নাবিকের পরিবারের কাছে ফোন করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করে তারা।
ওসি জানান, অপহৃত দুই নাবিককে উদ্ধারের চেষ্টা ও জলদস্যুদের গ্রেপ্তারের অভিযান চলছে।