পণ্যবোঝাই দুটি ট্রাক লুট, পরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর ধামইরহাট উপজেলায় গতকাল শনিবার ভোরে সড়কে গাছের গুঁড়ি ফেলে পণ্যবোঝাই দুটি ট্রাক লুট করে দুর্বৃত্তরা। ঘটনার আট ঘণ্টা পর ওই ট্রাক দুটি জয়পুরহাট থেকে উদ্ধার করেছে পুলিশ।
ট্রাক দুটির চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, দিনাজপুরের বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) গুদাম থেকে ৯২৫ বস্তা ধানের বীজ নিয়ে একটি বড় ট্রাক নওগাঁর বিএডিসি গুদামে ও পঞ্চগড়ের বোদা থেকে পুরোনো আসবাব নিয়ে অপর একটি মিনি ট্রাক নওগাঁর মাতাজিহাট এলাকায় যাচ্ছিল। গতকাল ভোর চারটার দিকে ধানতারা এলাকায় একদল দুর্বৃত্ত গাছের গুঁড়ি ফেলে ট্রাক দুটির পথরোধ করে। পরে দুর্বৃত্তরা অস্ত্রের মুখে গাড়ির চালক আতিক আহসান ও মামুন এবং তাঁদের সহকারী লিটন ও শহিদুলকে মারধর করে হাত-পা বেঁধে রাস্তার পাশে ফেলে পণ্যবোঝাই ট্রাক দুটি নিয়ে চলে যায়। এ সময় ওই চালক ও সহকারীদের কাছে থাকা ৩০ হাজার টাকা ও চারটি মুঠোফোনও তারা লুট করে নিয়ে যায়। সকালের দিকে রাস্তার পাশে তাঁদের দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এর আট ঘণ্টা পর দুপুর ১২টার দিকে ধানের বীজবোঝাই ট্রাকটি জয়পুরহাট জেলা সদরের চিনিকলের মোড় থেকে ও অপর ট্রাকটি আক্কেলপুর পৌর সদরের ছমিরউদ্দিন মন্ডল স্মৃতিপার্ক থেকে উদ্ধার করে পুলিশ। তবে ধানের বীজবোঝাই ট্রাকটিতে কোনো বীজ ও অপর ট্রাকটিতে কোনো আসবাব পাওয়া যায়নি।