'বন্দুকযুদ্ধে' সন্দেহভাজন ইয়াবা ব্যবসায়ী নিহত
চট্টগ্রামের পতেঙ্গায় র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক ব্যক্তি নিহত হয়েছেন। র্যাবের ভাষ্য, নিহত ব্যক্তি তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী।
র্যাবের ভাষ্যমতে, গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পতেঙ্গা সমুদ্র সৈকত রোড এলাকায় এ বন্দুকযুদ্ধ হয়। নিহত ব্যক্তির কাছ থেকে ১০ হাজার ইয়াবা বড়ি ও দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে।
র্যাব বলছে, নিহত ব্যক্তির নাম মো. জাফর (৩২)। তাঁর বাড়ি চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। বাবার নাম নুর মোহাম্মদ।
ঘটনার বিষয়ে নিহত ব্যক্তির পরিবারের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদের ভাষ্য, দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিপুল পরিমাণ ইয়াবা বিক্রির জন্য নিয়ে যাচ্ছে বলে র্যাব তথ্য পায়। তাঁদের ধরতে অভিযানে নামে র্যাব। সমুদ্র সৈকত রোড এলাকায় সন্দেহজনক মনে হওয়া দুটি মোটরসাইকেল ধাওয়া করে র্যাব। এ সময় তাঁরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে আরোহীরা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। র্যাবও তাদের পিছু নেয়। পরে ঘটনাস্থলে র্যাবের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী জাফরের গুলিবিদ্ধ লাশ পাওয়া যায়। তাঁর দেহ তল্লাশি করে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা আছে।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।