পত্নীতলায় র্যাব সদস্যদের' নির্যাতন
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায় অভিযানের সময় র্যাব সদস্যরা’ তিন ব্যবসায়ীসহ কয়েকজনকে মারধর করেছেন বলে অভিযোগে পাওয়া গেছে। এ ঘটনার প্রতিবাদে গতকাল রোববার অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন এবং বিক্ষোভ-সমাবেশ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।
স্থানীয় ব্যবসায়ী ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, ফ্লাইট লেফটেন্যান্ট মুনিরের নেতৃত্বে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব )-৫-এর সদস্যরা আসামি ধরতে গত শনিবার বিকেলে নজিপুর পুরাতন বাজার এলাকার দেওয়ান মশিউর রহমানের বাড়িতে যান। এ সময় মশিউরের ছেলে মুশফিকুরের সঙ্গে র্যাব সদস্যদের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে র্যাব সদস্যরা তাঁকে বেদম মারধর করেন। এ ঘটনার প্রতিবাদ করলে স্থানীয় মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের মালিক আবুল কালাম আজাদ, ওষুধ ব্যবসায়ী কাজী সবেদুল ইসলাম এবং ব্যবসায়ী অরুণ পালসহ বেশ কয়েকজন ব্যবসায়ীকে মারধর করেন র্যাব সদস্যরা।
এ ঘটনার প্রতিবাদে গতকাল সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল কর্মসূচি পালনসহ নজিপুর বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করে নজিপুর ব্যবসায়ী সমিতি। সভায় নজিপুর বাজার স্বর্ণকার সমিতির সাধারণ সম্পাদক রণজিৎ কুমার দত্তের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইছাহাক হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল গাফফার, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজার রহমান, নজিপুর পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মিল্টন উদ্দীন, উপজেলা শ্রমিক লীগের সভাপতি দেওয়ান আবদুর রশিদ, ব্যবসায়ী মনোয়ার হোসেন সাগর, দিলিপ চৌহান, রেজাউল করিম চৌধুরী বাবু প্রমুখ। বক্তারা ঘটনার জন্য দায়ী র্যাব সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
শনিবারের ঘটনা সম্পর্কে নজিপুর পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. মিল্টন উদ্দীন গতকাল প্রথম আলোকে বলেন, কয়েকজন একটি মাইক্রোবাসে করে নজিপুর পুরাতন বাজার এলাকা পৌঁছে মশিউরের বাসায় যান। তাঁদের পরনে র্যাবের পোশাক ছিল না। বাড়ির লোকজন পরিচয় জানতে চাইলে তাঁরা বলেন, ‘আমরা র্যাব । আপনাদের বাসা তল্লাশি করতে এসেছি।’ কথা বলার একপর্যায়ে অরুণ পাল নামের এক স্বর্ণ ব্যবসায়ী পরিচয় জানতে চাইলে র্যাব সদস্য ক্ষিপ্ত হয়ে তাঁকে মারধর করেন। এর মধ্যে গৃহকর্তা মশিউর রহমান বাসায় ফিরে র্যাব সদস্যদের পরিচয় জানতে চান এবং কাগজ দেখতে চান। তখন র্যাব সদস্যরা তাঁর চুলের মুঠি ধরে দেয়ালে ধাক্কা দেন। মশিউরের ছেলে মুশফিকুর বাবাকে বাঁচাতে এগিয়ে গেলে তাঁরা তাঁকেও মারধর করেন। এ সময় সেখানে শতাধিক স্থানীয় মানুষ জড়ো হয়। লোকজন থানায় খবর দিলে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সিদ্দিকুর রহমান ঘটনাস্থলে পৌঁছে জাতীয় সংসদের হুইপ ও স্থানীয় সাংসদ শহিদুজ্জামান সরকারকে ফোন করেন। সাংসদ ওসির কাছে জানতে চান র্যাব সদস্যরা পুলিশকে জানিয়ে এই অভিযানে এসেছেন কি না। ওসি সাংসদকে জানান, পুলিশ কিছুই জানে না। তখন সাংসদ তাঁদের থানায় নিয়ে যেতে বলেন। ওসি তাঁদের থানায় যেতে বললে র্যাবের এক সদস্য ওসিকেও থাপ্পড় মারেন। পরে র্যাব সদস্যরা সেখান থেকে চলে যান।
জানতে চাইলে জয়পুরহাট ও পত্নীতলা উপজেলায় র্যাবের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মেজর আবদুর রহিম বলেন, ‘ওই অপারেশনটি পরিচালনা করেন র্যাব -৫-এর রাজশাহী কোম্পানি। আমরা এ সম্পর্কে কিছুই জানি না।’ র্যাব -৫-এর রাজশাহী সদর ব্যাটালিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজিনুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ওই ঘটনা সম্পর্কে তিনিও কিছু জানেন না। র্যাব -৫-এর ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর কামারুজ্জামান এ সম্পর্কে বিস্তারিত বলতে পারবেন বলে জানান রেজিনুর।
পরে ভারপ্রাপ্ত উপ-অধিনায়কের ফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন ধরেননি। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রফিক বলেন, এটি র্যাবের বিষয়। এ সম্পর্কে তিনি কিছুই জানেন না।