পত্রিকার এজেন্ট ও হকারকে মারধর
নোয়াখালীর সেনবাগে সংবাদপত্রের একজন এজেন্ট ও একজন হকারকে মারধর করে তাঁদের মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছেন স্থানীয় দুই যুবক। গতকাল শনিবার দুপুরে উপজেলার বীজবাগ ইউনিয়নের ফরিকরহাট বাজারে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন সংবাদপত্রের এজেন্ট মো. জাকির হোসেন (২৮) ও হকার মো. নিশু (২২)।
জাকির হোসেন প্রথম আলোকে বলেন, তিনি হকার হিসেবে সদ্য নিয়োগ পাওয়া নিশুকে এলাকা চেনাতে গতকাল বেলা দুইটার দিকে নিজের মোটরসাইকেলে ফকিরহাট বাজারে যান। এ সময় কানন ও দিদার নামের স্থানীয় দুই যুবক তাঁর মোটরসাইকেলের গতিরোধ করেন। তাঁরা মোটরসাইকেলটি নিজেদের বলে দাবি করেন এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁকে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে মোটরসাইকেলটি ছিনিয়ে নেন। তাঁদের কাছে থাকা সংবাদপত্রের কপিগুলোও ছিনিয়ে নেওয়া হয়। একপর্যায়ে ওই যুবকেরা তাঁকে ও নিশুকে মারতে মারতে পাশের একটি চায়ের দোকানের ভেতরে নিয়ে আটকে রাখেন। এ সময় চিৎকার দিয়ে সাহায্যের আকুতি জানালেও আশপাশের কেউ এগিয়ে আসেননি। খবর পেয়ে বিকেল চারটার দিকে সেনবাগ থানার পুলিশের একটি দল গিয়ে তাঁদের উদ্ধার করে। গুরুতর আহত জাকিরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিশুকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সেনবাগ থানার ওসি মো. হারুন অর রশিদ চৌধুরী বলেন, হামলার শিকার জাকির ও নিশুকে পুলিশ গিয়ে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।