পত্রিকার কার্যালয়ে হামলা, সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ায় স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার কার্যালয়ে গত বৃহস্পতিবার হামলা হয়েছে। ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়ন নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে ছাত্রলীগের দুজন নেতার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন এ হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
হামলাকারীরা পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক আনিসুজ্জামানের কক্ষে হামলা করে কম্পিউটারসহ আসবাবপত্র ভাঙচুর করে। এতে বাধা দিলে পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক সাকিব পারভেজকে মারধর করা হয়।
পত্রিকাটির সার্কুলেশন ম্যানেজার শফিকুর রহমান ও অফিস সহকারী মোহাম্মদ সুমনও হামলার সময় কার্যালয়ে ছিলেন। তাঁদের ভাষ্যমতে, ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ছাত্রলীগের সহসভাপতি ইয়াসির আরাফাতের নেতৃত্বে কুষ্টিয়া সরকারি কলেজ ছাত্রলীগের বিলুপ্ত কমিটির সহসভাপতি আরশেদ আলীসহ কয়েকজন পত্রিকার কার্যালয়ে এসে সম্পাদককে খুঁজতে থাকেন। তাঁদের হাতে দেশীয় অস্ত্র ছিল। হামলা ও ভাঙচুরের পর তাঁরা জয় বাংলা স্লোগান দিতে দিতে চলে যান।
সাকিব পারভেজ বলেন, ‘সন্ত্রাসীরা এসেই অফিসে লাথি মারা শুরু করে। ভেতরে ঢুকে ভাঙচুর করে। বাধা দেওয়ায় আমার ওপর হামলা চালানো হয়।’
আরশেদ আলী বলেন, ‘শুনেছি পত্রিকায় আওয়ামী লীগের নামে আজেবাজে কথা লেখা হয়েছে। আমি নিউজটি পড়িনি। জেলা আওয়ামী লীগের কয়েকজন নেতার নির্দেশে আমরা এ কাজ করেছি। ভাই, কিছু করার ছিল না।’
এ বিষয়ে ইয়াসির আরাফাতের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
পত্রিকাটির সম্পাদক বিষয়টি জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন ও এসপি প্রলয় চিসিমকে জানান। এসপির নির্দেশে তাৎক্ষণিকভাবে মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আনিসুজ্জামান বলেন, পত্রিকায় বৃহস্পতিবার ইউপি নির্বাচনের মনোনয়ন নিয়ে প্রধান সংবাদ প্রকাশিত হয়। ধারণা করা হচ্ছে, এর জের ধরে হামলা হয়েছে।
কুষ্টিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় ছাত্রলীগের এক নেতা সম্পাদকের বিরুদ্ধে চাঁদাবাজির এবং পত্রিকার পক্ষ থেকে হামলার অভিযোগ করা হয়েছে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী বলেন, ‘হামলার ঘটনা নিন্দনীয়। জড়িত ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় নিয়ে আসার দাবি জানাই।’
কুষ্টিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, ‘২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার না করলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।’