পথ আটকাল মুখোশধারী, ছিনিয়ে নিল ১২ লাখ টাকা
বগুড়া শহরে মুখোশ পরা দুই ব্যক্তির বিরুদ্ধে মোটরসাইকেলের গতি রোধ করে চালক-আরোহীকে পিটিয়ে ১১ লাখ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার বগুড়ার শহরের ব্যস্ততম চেলোপাড়া-সাবগ্রাম সড়কের নারুলী পুলিশ ফাঁড়ির সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বগুড়ার আকাশতারা এলাকার সুমন ফ্লাওয়ার মিল নামের একটি ময়দা কারখানার ব্যবস্থাপক মামুনুর রশিদ (৫০) কর্মচারী আবুল কাশেমকে (৩৫) নিয়ে বড়গোলার জনতা ব্যাংকের করপোরেট শাখায় ১১ লাখ ৭৬ হাজার টাকা জমা দিতে যাচ্ছিলেন। পথে নারুলী ফাঁড়ির সামনে আকস্মিক দুজন মুখোশ পরা ব্যক্তি লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে মোটরসাইকেলের পথ রোধ করে। এরপরই লাঠি দিয়ে দুজনকে বেধড়ক পেটাতে থাকে। লাঠির আঘাতে মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় পড়ে যান। মাত্র দুই-তিন মিনিটের মধ্যে দিনদুপুরে প্রকাশ্যে টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায় মুখোশধারীরা।
ছিনতাইকারীদের মারধরে আহত আবুল কাশেমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুটো মুখোশ উদ্ধার করেছে।
বগুড়ার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ছিনতাইকারীদের গ্রেপ্তারে পুলিশকে নির্দেশ দেন। তবে সন্ধ্যা সাতটা পর্যন্ত এ ঘটনায় পুলিশ কাউকে আটক বা ছিনতাই হওয়া টাকা উদ্ধার করতে পারেনি।
মামুনুর রশিদ তুহিন বলেন, সকাল সোয়া ১০টার দিকে আবুল কাশেমকে নিয়ে ১১ লাখ ৭৬ হাজার টাকা ব্যাগে নিয়ে ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। আকাশতারা থেকে বড়গোলা যাওয়ার পথে নারুলী ফাঁড়ির সামনে দুজন মুখোশ পরা ব্যক্তি লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে মোটরসাইকেলের পথ রোধ করে। দুজনকে বেধড়ক পিটিয়ে টাকার ব্যাগ কেড়ে নিয়ে পালিয়ে যায় তারা।
মামুনুর রশিদের দাবি, ছিনতাইকারীরা ব্যাগে থাকা ১১ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে পালিয়ে গেছে।
কারখানাটির মালিক ও বগুড়া শহরের ব্যবসায়ী পরিমল কুমার সিং প্রথম আলোকে বলেন, মামুনুর রশিদ ও আবুল কাশেম প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে চাকরি করছেন। তাঁরা অনেক বিশ্বস্ত। ব্যাংকে টাকা পাঠানোর বিষয়টি কীভাবে ছিনতাইকারীরা টের পেল, সেটা তিনি বুঝতে পারছেন না। তিনি দাবি করেন, ব্যাংকে জমা দেওয়ার জন্য মামুনুর রশিদ ও আবুল কাশেম ১১ লাখ ৭৬ হাজার টাকা নিয়ে যাচ্ছিলেন।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন প্রথম অলোকে বলেন, নারুলী পুলিশ ফাঁড়িতে অস্ত্রধারী কোনো টহল পুলিশ থাকে না। ফাঁড়ির ভেতরে পুলিশ অবস্থান করলেও বিষয়টি টের পায়নি। ঘটনার পরপরই পুলিশ সুপারের নির্দেশে ছিনতাইকারীদের ধরতে এবং টাকা উদ্ধারে পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এর আগে ১৪ জানুয়ারি সন্ধ্যায় বগুড়ার নিউমার্কেটে বোমা ফাটিয়ে এবং ব্যবসায়ীকে গুলি করে একটি স্বর্ণের দোকান থেকে স্বর্ণালংকার ও পাঁচ লাখ টাকা লুটের ঘটনা ঘটে। পরে পুলিশ পালিয়ে যাওয়ার সময় মাইক্রোবাস আটকিয়ে লুণ্ঠিত কিছু স্বর্ণালংকারসহ এক ডাকাতকে আটক করে।