পথ আটকে বাবা ও ছেলেকে গুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুল থেকে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাবা ও ছেলে একসঙ্গে রিকশায় করে বাসাবোর দিকে যাচ্ছিলেন। রিকশাটি মতিঝিল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের কাছে আসার পর মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের গতিরোধ করে। রিকশা থেকে নামিয়ে দুর্বৃত্তরা বাবাকে তিনটি ও ছেলেকে একটি গুলি করে পালিয়ে যায়।
ঘটনাটি ছিনতাই, নাকি পূর্বশত্রুতার জের—তাৎক্ষণিকভাবে পুলিশ তা জানাতে পারেনি। আহত বাবা শামসুল হক (৫৭) ও ছেলে আশরাফুল হককে (২৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা দুজনই সরকারি চাকুরে।
ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার শিবলী নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুজনের কাছ থেকে ১০-১২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। এমনও হতে পারে, যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের কাছে কোনো ভুল তথ্য ছিল।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, শামসুল হক অডিট ভবনে হিসাবরক্ষক ও আশরাফুল ধর্ম মন্ত্রণালয়ে স্টেনোগ্রাফারের চাকরি করেন। তাঁরা বাসাবোতে থাকেন। মতিঝিল আইডিয়াল কলেজের সামনের সড়ক দিয়ে তাঁরা বাসায় ফিরছিলেন। কয়টি মোটরসাইকেলে কতজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করেছিল, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ওই এলাকার কোনো ভিডিও ফুটেজও পাওয়া যায়নি। সন্ধ্যা পৌনে সাতটার দিকে স্থানীয় লোকজন ও পুলিশ আহত বাবা ও ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, তিন-চারজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে পকেটে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এরপর তাঁদের সঙ্গে থাকা একটি ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তাঁরা বাধা দেন। তখন ছিনতাইকারীরা গুলি করে ব্যাগটি নিয়ে চলে যায়। ব্যাগে টাকা ছিল না, জরুরি কাগজপত্র ছিল।
রাত সাড়ে নয়টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি ও কাউকে আটক করা যায়নি বলে জানান মতিঝিল থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী।