পথচারীর পথ আটকে দিচ্ছে দোকান

মোহাম্মদপুরের গ্রাফিক আর্টস ইনস্টিটিউট ও সরকারি শারীরিক শিক্ষা কলেজ-সংলগ্ন দুটি যাত্রীছাউনিতে গড়ে তোলা হয়েছে একাধিক স্থাপনা। যাত্রীছাউনির একাংশে ফুটপাতের পুরোটাজুড়ে নির্মিত এসব স্থাপনার কারণে পথচারী চলাচলের কোনো সুযোগ নেই। এই অংশটুকু পার হতে তাদের নেমে আসতে হয় মূল সড়কে।
গতকাল শনিবার দেখা যায়, গ্রাফিক আর্টস ইনস্টিটিউট-সংলগ্ন যাত্রীছাউনির এক পাশে নির্মিত স্থাপনায় কার্যক্রম চালাচ্ছে উত্তরবঙ্গ ড্রাইভিং স্কুল নামের একটি গাড়ি চালনা শেখানোর প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক শিমুল জানান, এক বছর আগে এক নারীর কাছ থেকে তাঁরা জায়গাটি ১২ হাজার টাকায় ভাড়া নিয়েছেন। ওই নারী সাবেক ওয়ার্ড কাউন্সিলর। এ সময় ওই নারীর ঠিকানা ও মুঠোফোন নম্বর জানতে চাইলে শিমুল এর জন্য প্রতিষ্ঠানের মালিক মো. লুৎফর রহমানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।
একপর্যায়ে শিমুল এই প্রতিবেদকের পরিচয় জানতে চান। সাংবাদিক পরিচয় পেয়ে বলেন, ‘লিখেন, কোনো সমস্যা নাই। আগেও কয়েকবার সাংবাদিকেরা এইটা নিয়ে লিখসে। অসুবিধা হয় নাই।’
পরে এ বিষয়ে যোগাযোগ করা হলে উত্তরবঙ্গ ড্রাইভিং স্কুলের মালিক মো. লুৎফর রহমান মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘বৈধ-অবৈধ বুঝি না। যাঁদের কাছ থেকে ভাড়া নিছি, এইটা তাঁরা বুঝবেন।’ আর ভাড়া আদায়কারী নারীর মুঠোফোন নম্বর কিংবা ঠিকানা তাঁর জানা নেই মন্তব্য করে লুৎফর রহমান আরও বলেন, ‘তাঁর লোকজন এসে ভাড়া নিয়ে যান। আমাদের যোগাযোগ করার দরকার হয় না।’
এখান থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের দিকে এগোতে বাঁ দিকে সরকারি শারীরিক শিক্ষা কলেজ-সংলগ্ন ফুটপাতের যাত্রীছাউনিতে একই কায়দায় বানানো একটি কম্পিউটার অ্যাকসেসরিজের দোকান চোখে পড়ল। এখানেও পথচারীরা মূল সড়কে নেমে এই অংশটুকু পার হচ্ছেন। আর কে ট্রেডার্স নামের ওই দোকানে যে ব্যক্তি কাজ করছিলেন, তিনি তাঁর পরিচয় দিতে রাজি হননি। তবে জানান, উত্তরবঙ্গ ড্রাইভিং স্কুলের মতো এই জায়গাও তাঁরা একই নারীর কাছ থেকে ভাড়া নিয়েছেন। এ মুহূর্তে ১০ হাজার টাকা করে ভাড়া দিচ্ছেন তাঁরা। ছয় মাস পর আরও দুই হাজার টাকা বাড়বে।
উত্তরবঙ্গ ড্রাইভিং স্কুলের লুৎফর রহমানের মতো এই ব্যক্তিও ভাড়া আদায়কারী নারীর বিস্তারিত পরিচয় জানাতে রাজি হননি।
এই যাত্রীছাউনি দুটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৩ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ওয়ার্ডের কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব প্রথম আলোকে বলেন, ‘যাত্রীছাউনি থেকে ওই স্থাপনাগুলো উচ্ছেদের একটা পরিকল্পনা আমাদের ছিল। কিন্তু পরবর্তীকালে ওই পরিকল্পনা থেকে সরে আসতে হয়।’ সরে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘যাত্রীছাউনির এই দোকানগুলো মেয়র সাদেক হোসেন খোকার সময়ে বরাদ্দ দেওয়া হয়েছিল। এর মধ্যে বরাদ্দের মেয়াদ শেষ হলেও অনেকে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে এসেছেন। তাই উচ্ছেদের পরিকল্পনা বাদ দিতে হয়েছে।’
পুরো ফুটপাত দখল করে স্থাপনা বানানো যায় কি না জানতে চাইলে তারেকুজ্জামান বলেন, ‘ফুটপাত বন্ধ করে কিছু বানানোর এখতিয়ার কারও নেই। এটা নিয়ে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা বিস্তারিত বলতে পারবেন।’
বিষয়টি নিয়ে কথা বলার জন্য ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আমিনুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।