পথচারীর বিড়ম্বনা পদচারী-সেতু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউমার্কেট এলাকার পুরোনো পদচারী-সেতুটির চারপাশই হকারদের দখলে। সেতুতে উঠতে গেলে রীতিমতো ঘাম ঝরাতে হয়
নিউমার্কেট এলাকার পুরোনো পদচারী-সেতুটির চারপাশই হকারদের দখলে। সেতুতে উঠতে গেলে রীতিমতো ঘাম ঝরাতে হয়

রাজধানীর কয়েকটি পদচারী-সেতু ফুটপাতজুড়ে বানানোয় পথচারীদের হাঁটার পথ বন্ধ হয়ে গেছে। কিছু পদচারী-সেতুর সিঁড়ির সামনে বসেছে অবৈধ দোকানপাট। একাধিক সেতুর ওঠার মুখ এবং নিচের জায়গা পূতিগন্ধময় হয়ে আছে মনুষ্য বর্জ্যে। আবার কোনো সেতুর ওপর বসেছে বাজার। কিছু সেতুতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় রাতে ঘুটঘুটে অন্ধকার হয়ে থাকছে।
গত মঙ্গল ও গতকাল বুধবার নিউমার্কেট, মিরপুর ১০ নম্বর, শ্যামলী, কল্যাণপুর, বাঙলা কলেজ, মিরপুর ১ নম্বর, ফার্মগেট, বাংলামোটর, পরীবাগ, পান্থপথ ও শাহবাগের পদচারী-সেতু ঘুরে এমন অবস্থা দেখা যায়। পথচারীরা এগুলো ব্যবহার না করে যানবাহনের সামনে দিয়ে বিপজ্জনকভাবে রাস্তা পার হচ্ছেন। তাতে প্রায়শই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। তবে এসব পদচারী-সেতু ব্যবহারে পথচারীদের উদাসীনতা থাকলেও সেতুগুলো কতটা পথচারীবান্ধব এবং চলাচলের উপযোগী, সেটি নিয়েও রয়েছে প্রশ্ন।

এক পাশে পদচারী-সেতু। অন্য পাশে দোকানপাট। ফুটপাতের অস্তিত্বই নেই। শাহজাদপুরের নতুনবাজার বাসস্ট্যান্ড এলাকায়
এক পাশে পদচারী-সেতু। অন্য পাশে দোকানপাট। ফুটপাতের অস্তিত্বই নেই। শাহজাদপুরের নতুনবাজার বাসস্ট্যান্ড এলাকায়


পথচারীদের পদচারী-সেতু ব্যবহারে সচেতন করতে মাঝেমধ্যেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত বৃহস্পতি ও রোববার ডিএমপির ভ্রাম্যমাণ আদালত বাংলামোটর এলাকায় পদচারী-সেতু ব্যবহার না করে রাস্তা পারাপার হওয়ায় ১৭২ জনকে জরিমানা করেন। অথচ, পরীবাগ ও বাংলামোটর পদচারী-সেতুর ক্ষেত্রে দেখা যায়, সেতু দুটো বানানো হয়েছে পুরো ফুটপাতজুড়ে। সেতুর সিঁড়ির কারণে ফুটপাতে হাঁটার কোনো জায়গা নেই। ফলে কেউ সেতু ব্যবহার না করে ফুটপাত দিয়ে হাঁটবেন, সে উপায় নেই। তাই পথচারীদের মূল সড়কে নেমে জায়গাটুকু পার হতে হচ্ছে। বাংলামোটর পদচারী-সেতুতে ওঠার সিঁড়ির মুখটি দুদিক থেকেই সরু। সিঁড়ির মুখে আবার বৈদ্যুতিক খুঁটি রয়েছে। অনেক কসরত করে সেতুর সিঁড়িতে উঠতে হয়।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান প্রথম আলোকে বলেন, জরিমানা করা আদালতের আসল উদ্দেশ্য নয়, নিয়ম মেনে রাস্তা পারাপারে সচেতনতা গড়ে তুলতেই অভিযান চালানো হয়।
শাহবাগ থেকে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাদমান আলী। পরীবাগের পদচারী-সেতুর কারণে ফুটপাতের ওপর দিয়ে যাওয়ার জায়গা না থাকায় মূল সড়কে নামছিলেন। তিনি বললেন, ‘এমনভাবে বানাইছে, যাদের ওভারব্রিজে ওঠা দরকার নেই, তাদেরও উঠিয়ে ছাড়বে।’
এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বেলাল প্রথম আলোকে বলেন, ‘যারা ওভারব্রিজ ব্যবহার করবেন না, তাঁদের হাঁটার জায়গা নেই। বিষয়টি আমিও দেখেছি। বানানোর সময় প্রকৌশল বিভাগের এটি খেয়াল করা দরকার ছিল। কীভাবে পথচারীদের হাঁটার ব্যবস্থা করা যায়, সে ব্যবস্থা করতে প্রকৌশল বিভাগকে বলা হবে।’
মিরপুর বাঙলা কলেজের সামনের ব্যস্ত সড়কটিতে একাধিকবার দুর্ঘটনা ঘটার পরে আন্দোলনের মুখে কলেজের মূল ফটক থেকে কয়েক মিটার দূরে নির্মাণ করা হয় পদচারী-সেতু। দেখা যায়, পদচারী-সেতুর সিঁড়ির সামনের অংশ মানুষের মূত্রে ভরে আছে। সেতুর এক পাশের সিঁড়ির মুখে বসানো চায়ের দোকানে লোকজন আড্ডা দিচ্ছেন।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় মোট ১০০টির বেশি পদচারী-সেতু রয়েছে। রাস্তায় যান চলাচলের গতি বাড়াতে এগুলো বানানো হয়।

ফুটপাতের বড় অংশজুড়ে পদচারী-সেতু। তার ওপর গবাদিপশুর আশ্রয়স্থল। বিড়ম্বনার শেষ নেই পথচারীদের। ছবিটি গুলশান-বাড্ডা সংযোগ সড়কের l আবদুস সালাম
ফুটপাতের বড় অংশজুড়ে পদচারী-সেতু। তার ওপর গবাদিপশুর আশ্রয়স্থল। বিড়ম্বনার শেষ নেই পথচারীদের। ছবিটি গুলশান-বাড্ডা সংযোগ সড়কের l আবদুস সালাম


মিরপুর ১০ নম্বর গোলচত্বরে পদচারী-সেতুটির চার দিকে সিঁড়ি আছে। দেখা যায়, প্রতিটি সিঁড়ির মুখে বসেছে জামাকাপড়, জুতা, খাবারের দোকান। সিঁড়ির নিচ দিয়ে হাঁটার পথেও বসেছে দোকানপাট। পথচারীরা যানবাহনের সামনে দিয়েই সড়ক পার হচ্ছেন।
নিউমার্কেট এলাকার পদচারী-সেতুর ওপর গড়ে উঠেছে অবৈধ দোকানপাট। সেতুর দুই পাশেই নানা ধরনের কাপড়, ব্যাগ, মনিহারি পণ্যে পসরা সাজিয়ে বিক্রেতারা বসেছেন।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মেজবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, অবৈধ দোকানপাট উচ্ছেদ করার কয়েক দিনের মধ্যে আবার দখল হয়ে যায়। এবার দখল স্থায়ীভাবে উচ্ছেদে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পান্থপথে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের ৫০ গজ দূরে নির্মাণ করা হয়েছে পদচারী-সেতু। গত ৯ জানুয়ারি ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ঝকঝকে, পরিষ্কার-পরিচ্ছন্ন পদচারী-সেতুতে লাগানো হয়েছে ফুলের গাছ। কিন্তু গতকাল দেখা যায়, সেতুতে ওঠার মুখেই দোকানপাট বসানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান ও নগরবিদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পদচারী-সেতুতে না ওঠার অভ্যাস এবং আইনের প্রয়োগ না থাকা—এই দুই কারণে পথচারীরা সেতু ব্যবহারে উৎসাহী হয় না। পদচারী-সেতুতে উঠতে আগ্রহী করতে এগুলো প্রতিবন্ধকতাহীন ও দখলদারমুক্ত হতে হবে।