পথচারীর মৃত্যুর পরও যখন-তখন নগরে ঢুকছে ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাকের চাপায় একজন সংগীতশিল্পীর মৃত্যুর পরও নিয়ম মানছেন না ট্রাকের চালকেরা। তাঁরা যখন-তখন রাজশাহী মহানগর এলাকার মধ্যে ট্রাক নিয়ে ঢুকে পড়ছেন। এ ব্যাপারে ট্রাফিক পুলিশের নজরদারি বাড়ানোর তাগিদ দিলেন বিশিষ্টজনেরা।
নিয়ম অনুযায়ী রাজশাহী মহানগর এলাকায় সকাল আটটার পর থেকে রাত ১০টা পর্যন্ত ট্রাক চলাচল নিষিদ্ধ। বরাবরই ট্রাকের চালকেরা এ আইন মেনে চলেন না। এতে প্রা্য়ই দুর্ঘটনা ঘটছে।
১১ অক্টোবর সন্ধ্যা পৌনে সাতটার দিকে রাজশাহী নগরের কাদিরগঞ্জ শহীদ নজমুল হক উচ্চবিদ্যালয়ের সামনে ট্রাকের ধাক্কায় সংগীতশিল্পী এমদাদুল হক (৬৫) মারা যান। তাঁর বাড়ি বাগমারার সোনাডাঙ্গা গ্রামে। তিনি পরিবার নিয়ে নগরের হেতেম খাঁ কারিগরপাড়ায় বসবাস করতেন। এমদাদুল হক রাজশাহী বেতারের একজন নিয়মিত শিল্পী ছিলেন। নগরের কারিগরপাড়া এলাকায় তিনি একটি সংগীত বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, যার নাম ‘সারগাম সংগীত বিদ্যালয়’।
একই দিনে বেলা ১১টার দিকে নগরের বড় বনগ্রাম এলাকায় ট্রাকের ধাক্কায় সামেদ আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। সামেদ আলী রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাঁকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ট্রাকের চাপায় মৃত্যুর এসব ঘটনার পরও নগরের মধ্যে অসময়ে ট্রাক চলাচল বন্ধ হয়নি। গতকাল বুধবার সকাল ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে নগরের শহীদ কামারুজ্জামান চত্বরেই ১৫-২০টি ট্রাক চলাচল করতে দেখা যায়। এর মধ্যে দুটি ট্রাক নগরের নিউমার্কেট এলাকায় ঢুকে যায়। অন্য ট্রাকগুলোর মধ্যে বেশির ভাগই পশ্চিম দিকে যায়। এসব ট্রাকের একটিতে মোটরসাইকেল, একটিতে অ্যালুমিনিয়ামের পাত, একটিতে ইট এবং অন্যগুলোতে মালামাল ত্রিপল দিয়ে ঢাকা ছিল। কয়েকটি ট্রাককে নগরের ভেতর থেকে বের হয়ে পূর্ব দিকে যেতে দেখা যায়। নগরের কাদিরগঞ্জ এলাকায় চালপট্টিতে একটি ট্রাকে মালবোঝাই করতে দেখা যায়।
রাজশাহী আবৃত্তি পরিষদের সাংগঠনিক সম্পাদক রাশেদ আরেফিন বলেন, নগরে সময়ে-অসময়ে ট্রাক ঢুকে পড়ায় যানজটের সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। এ ক্ষেত্রে পুলিশের নজরদারি বাড়ানো দরকার। তা না করলে ট্রাক চালকেরা বেপরোয়া হয়ে যাবে। নগরের ট্রাফিক পরিদর্শক নজরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, সার্জেন্ট কম থাকায় সম্প্রতি তাঁদের টহল বন্ধ রয়েছে। ট্রাকের চালকেরা এ সুযোগটাই নিচ্ছেন। অচিরেই আবার টহল চালু করা হবে।