পথেঘাটে আগুন নেভানোর সরঞ্জাম, মান নিয়ন্ত্রণে নজরদারি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরোনো অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো নতুন করে প্রস্তুত করার জন্য পাউডার ভরার কাজে ব্যস্ত একজন শ্রমিক l প্রথম আলো
পুরোনো অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো নতুন করে প্রস্তুত করার জন্য পাউডার ভরার কাজে ব্যস্ত একজন শ্রমিক l প্রথম আলো

রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অগ্নিনির্বাপণ সামগ্রী বিক্রির দোকান। ভবন ও কলকারখানার অগ্নিনিরাপত্তা জোরদারে লোকজন সচেতন হওয়ায় বেড়েছে এসব সরঞ্জামের চাহিদা। তবে সব ধরনের যন্ত্র ও সরঞ্জামের মান নিয়ন্ত্রণে কোনো নজরদারি না থাকায় নিম্নমানের অগ্নিনির্বাপণ যন্ত্র আমদানি ও পুরোনো যন্ত্রাংশ নতুন মোড়কে বিক্রি হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, রাজধানীর বাজারে যেসব নতুন অগ্নিনির্বাপণ যন্ত্র বিক্রি হয়, তার একটা বড় অংশ আসে চীন থেকে। অগ্নিনির্বাপণে কলকারখানাসহ সর্বত্র ব্যবহৃত এক্সটিংগুইশার, ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টরের মতো সব উপকরণই চীনা। পুরোনো ও মেয়াদোত্তীর্ণ এক্সটিংগুইশার সংগ্রহ করে তার ওপর রং লাগিয়ে নতুন বলে বিক্রি করছে কিছু অসাধু ব্যবসায়ী।
বাজারে যেসব অগ্নিনির্বাপণ যন্ত্র ও সরঞ্জাম বিক্রি হচ্ছে, তার মধ্যে শুধু ড্রাই পাউডার ফায়ার এক্সটিংগুইশারের মান পর্যবেক্ষণে কাজ করছে সরকারের মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান বিএসটিআই। বাজারে বিক্রি হওয়া অন্যান্য এক্সটিংগুইশার ও উপকরণের কোনো মান নিয়ন্ত্রণ নেই।
এ বিষয়ে বিএসটিআইয়ের পরিচালক (মান) রেজাউল করিম বলেন, বিএসটিআই কয়েকটি প্রতিষ্ঠানকে বিদেশ থেকে অগ্নিনির্বাপণ সামগ্রী আনার অনুমতি দিয়েছে। বাজারে নিত্যনতুন অগ্নিনির্বাপণ যন্ত্র ও সামগ্রী পাওয়া যাচ্ছে। সব কটির মান সম্পর্কে নিশ্চিত হওয়া যায় না।
রাজধানীর বিভিন্ন এলাকাতেই অগ্নিনির্বাপণ পণ্য বিক্রি হচ্ছে। অগ্নিনির্বাপণ সামগ্রী আমদানিকারক কোহিনূর এন্টারপ্রাইজের ঢাকায় কয়েকটি শাখা আছে। গতকাল মঙ্গলবার গাবতলীর মাজার রোডে অবস্থিত শাখায় গিয়ে দেখা যায়, মেয়াদ শেষ হয়ে যাওয়া এক্সটিংগুইশারে ড্রাই পাউডার বদলানোর কাজ চলছে।
ড্রাই পাউডার বদলাচ্ছিলেন মো. কামরুজ্জামান। তিনি বলেন, ড্রাই পাউডারের মেয়াদ থাকে এক বছর। মেয়াদ শেষে নতুন পাউডার ভরতে হয়। ড্রাই পাউডার ছাড়া কার্বন ডাই-অক্সাইড ভরার ব্যবস্থাও আছে। দিনে ৫০টির মতো এক্সটিংগুইশারে পাউডার বদলানো হয়। প্রতি কেজি ড্রাই পাউডার বদলাতে খরচ ১২০ টাকা।
মিরপুর ১০ নম্বরে অবস্থিত ট্রাস্ট ফায়ার ফাইটিং নামের দোকানে গিয়ে দেখা যায়, দোকানের শাটার অর্ধেক নামানো। ভেতরে সারি সারি এক্সটিংগুইশার রাখা। অল্পবয়সী এক ছেলে সেগুলোতে পাউডার ভরছে। দুটি পুরোনো এক্সটিংগুইশার রং করে শুকাতে দেওয়া হয়েছে। দোকানের মালিক অনুপস্থিত। ছেলেটি নিজের নাম প্রকাশ করতে চায়নি।

অগ্নিনির্বাপণ সামগ্রী বিক্রির সঙ্গে জড়িত এক ব্যক্তি নাম না প্রকাশের শর্তে বলেন, অনেক সময় এক্সটিংগুইশারে সঠিক মানের গ্যাস বা পাউডার ব্যবহৃত হয় না। যথাযথ তদারকি না থাকায় এ ধরনের প্রতারণার সুযোগ তৈরি হয়েছে। অনেক দোকানদার যেসব সামগ্রী বিক্রি করে, সেগুলোর বিএসটিআইয়ের অনুমোদন নেই।

ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলছেন, নিম্নমানের অগ্নিনির্বাপণ যন্ত্র ও সরঞ্জাম দুর্ঘটনার সময় অকার্যকর থাকে। মানসম্মত না হলে এসব সামগ্রী সাজিয়ে রাখা ছাড়া কোনো কাজে আসে না। এতে দুর্ঘটনায় নিরাপত্তাঝুঁকি থেকে যায়। তবে বাজারে বিক্রি হওয়া এসব পণ্যের তদারকির দায়িত্ব ফায়ার সার্ভিসের নয়।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, অগ্নিনির্বাপণ সামগ্রী ব্যবহারের ক্ষেত্রে লোকজন আগের তুলনায় অনেক সচেতন। বর্তমানে যেসব সামগ্রী ব্যবহৃত হয়, সেগুলোর বেশির ভাগ চীন থেকে আসা। অনেক ভালো মানের সামগ্রী পাওয়া যায় এখন। সব সামগ্রীর মান যাচাই করার ব্যবস্থা থাকলে ভালো হয়।