পদ না পাওয়ার ক্ষোভ যানবাহনের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রলীগের কমিটিতে পদ না পাওয়ায় গতকাল সোমবার সন্ধ্যায় রাজধানীর মহাখালী এলাকায় ব্যাপক ভাঙচুর চালিয়েছেন তিতুমীর কলেজের পদবঞ্চিত নেতা-কর্মীরা। প্রায় একই সময়ে মিরপুরের বাঙলা কলেজের পদবঞ্চিত ছাত্রলীগের নেতা-কর্মীরাও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছেন।
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি সূত্র জানায়, গতকাল কাজী মিরাজুল ইসলামকে সভাপতি ও মানিক হোসেনকে সাধারণ সম্পাদক করে সরকারি তিতুমীর কলেজের এবং জাহিদ মাহমুদকে সভাপতি, মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক ও মাসুম বিল্লাহকে সাংগঠনিক সম্পাদক করে মিরপুর বাঙলা কলেজের কমিটি ঘোষণা করা হয়। এর পরেই এই দুই কলেজের পদবঞ্চিতরা বিক্ষোভ শুরু করেন।
এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি বদিউজ্জামান সোহাগ প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন পর কমিটি হওয়ায় অনেকে বাদ পড়ে হতাশা থেকে এ ধরনের ঘটনা ঘটাতে পারে। আর তিতুমীর কলেজে যারা ভাঙচুর করেছে, তাদের ছাত্রত্ব নেই। তিনি জানান, পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হলে সবকিছু ঠিক হয়ে যাবে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে এক শর মতো তরুণ-যুবক তিতুমীর কলেজের সামনের সড়কে বিক্ষোভ শুরু করেন। তাঁরা ‘কমিটি মানি না’, ‘কমিটি বাতিল কর’ ইত্যাদি স্লোগান দিতে দিতেই একপর্যায়ে এলোপাতাড়ি গাড়ি ভাঙচুর শুরু করেন। ব্যস্ত সময়ে গুলশানের কর্মস্থল থেকে ঘরমুখী গাড়িগুলো তাঁদের হামলার শিকার হয়। লাঠি হাতে ছাত্ররা বাস, কার, অটোরিকশার ওপর নিজেদের ক্ষোভ ঝাড়েন। রাস্তায় থেমে যাওয়া গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। ভাঙচুর থেকে বাঁচতে আটকে পড়া গাড়িচালকেরা এদিক-ওদিক গাড়ি ঢুকিয়ে বাঁচার চেষ্টা করেও শেষ পর্যন্ত অন্তত ৪০টি গাড়ি ভাঙচুরের শিকার হয়। গাড়ি ভাঙচুরের ভয়ে পরবর্তী এক ঘণ্টা ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে সাড়ে সাতটার দিকে পুলিশ পরিস্থিতির নিয়ন্ত্রণ নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফিরোজ হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিত হয়ে কিছু ছেলে কিছু গাড়ি ভাঙচুর করেছেন। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয়। কোনো প্রকার বল প্রয়োগের প্রয়োজন পড়েনি। এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেননি বলে জানান তিনি।
একই সময়ে ঘোষিত কমিটির বিরোধিতা করে রাস্তায় নেমেছিলেন বাঙলা কলেজ ছাত্রলীগের একদল কর্মী। তাঁরা আধা ঘণ্টারও বেশি সময় মিরপুর-১ থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত সড়কটি অবরোধ করে রাখেন।
দারুস সালাম থানার ওসি রফিকুল ইসলাম জানান, মাগরিবের পরে বাঙলা কলেজের কিছু নেতা-কর্মী রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন। তবে তাঁরা গাড়ি ভাঙচুর করেননি।