পদচারী-সেতু ব্যবহার না করায় ৬১ জনকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদচারী-সেতু থাকা সত্ত্বেও ঝুঁকি নিয়ে রাস্তা পার হওয়ায় বনানীতে ৬১ জন পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বনানী ক্রসিংয়ের সামনে তাঁদের এ জরিমানা করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান।
ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) প্রবীর কুমার রায় বলেন, পদচারী-সেতু ব্যবহারে জনগণকে সচেতন করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে ৬১ জন পথচারীকে ৪ হাজার ৯২৮ টাকা জরিমানা করা হয়।
প্রবীর কুমার রায় বলেন, ট্রাফিক আইন সম্পর্কে জনগণকে সচেতন করার লক্ষ্যেই এ উদ্যোগ। পদচারী-সেতু ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করতে ট্রাফিক উত্তর বিভাগের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে ভবিষ্যতে ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম আরও জোরদার করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ট্রাফিক উত্তর বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মোহাম্মদ নাজমুল আলম, সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইয়াসমিন সাইকা, সহকারী পুলিশ কমিশনার জুনায়েদ আলম সরকার। বিজ্ঞপ্তি