পদচারী-সেতুতে না ওঠায় ৯১ জনকে জরিমানা

পদচারী-সেতু ব্যবহার না করে রাস্তা পারাপার হওয়ায় রাজধানীর বাংলামোটরে ৯১ জনকে জরিমানা করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ অভিযান চলে।
গত বৃহস্পতিবারও একই জায়গায় পদচারী-সেতু ব্যবহার না করায় ৮১ জনকে জরিমানা ও একজনকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন একই আদালত। সেদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে পুলিশের সদস্যরা মারধর করেন বলে অভিযোগ ওঠে।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, গতকাল মোট ৮ হাজার ৮৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি বলেন, জরিমানা করা এই আদালতের আসল উদ্দেশ্য নয়, নিয়ম মেনে রাস্তা পারাপারে সচেতনতা গড়ে তুলতেই এ অভিযান চালানো হচ্ছে।
আগে থেকে না জানিয়ে অভিযান চালানোর সমালোচনার বিষয়ে ম্যাজিস্ট্রেট মশিউর রহমান বলেন, অভিযান চালানোর আগে থেকেই বাংলামোটর ট্রাফিক পুলিশ বক্স থেকে মাইকে পথচারীদের পদচারী-সেতু ব্যবহার করতে বলা হয়। তা ছাড়া গণমাধ্যমেও এ বিষয়ে খবর প্রকাশিত হয়েছে। এরপরও যাঁরা আইন মানছেন না, শুধু তাঁদেরই জরিমানা করা হচ্ছে।
গতকাল কয়েকজন পথচারী অভিযোগ করেছেন, বাংলামোটর পদচারী-সেতুতে ওঠার সিঁড়ির মুখটি দুদিক থেকেই সরু। সিঁড়ির মুখে আবার বৈদ্যুতিক খুঁটি রয়েছে। অনেক কসরত করে সেতুর সিঁড়িতে উঠতে হয়। তাই বাধ্য হয়ে অনেকে ঝুঁকি নিয়ে পদচারী-সেতু এড়িয়ে চলেন। তবে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলামোটরে এ রকম সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বলবেন তাঁরা। কিন্তু ঢাকার বেশির ভাগ পদচারী-সেতুই মানুষ ব্যবহার করে না। সমস্যাটা সংস্কৃতিগত। বাংলামোটরের ক্ষেত্রে অনেকে একটা অজুহাত খুঁজে বের করার চেষ্টা করছেন।
তবে এ অভিযানকে সমর্থনও করছেন অনেকে। গত বৃহস্পতিবার এ অভিযান নিয়ে শুক্রবার প্রথম আলোতে প্রকাশিত হয় ‘হেঁটে রাস্তা পার হওয়া নিয়ে হুজ্জত’ শিরোনামের সংবাদটি। ওই সংবাদের অনলাইন সংস্করণে ১৯ জন পাঠক মন্তব্য করেছেন। তার মধ্যে ১২ জনই ওই অভিযানের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছেন।
ডিএমপি সূত্র জানিয়েছে, এর পরে বনানী, বিমানবন্দর গোলচত্বর ও মিরপুর-১০ নম্বরে একই রকম ভ্রাম্যমাণ আদালত চালানো হবে।