চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি নিয়ে বিরোধ
পদবঞ্চিতদের অবরোধ, দুপক্ষের গোলাগুলি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে স্থান এবং প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীদের সঙ্গে গত বুধবার দিবাগত রাতে পদ পাওয়া পক্ষের নেতা-কর্মীদের গোলাগুলি হয়েছে। এতে পদবঞ্চিতদের পক্ষের দুজন গুলিবিদ্ধ হন। এদিকে পদবঞ্চিতদের ডাকা অবরোধ চলাকালে গতকাল বৃহস্পতিবারও শাটল ট্রেন চলাচল করেনি।
গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সেদিন থেকে বিশ্ববিদ্যালয় অবরোধসহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পদবঞ্চিত এবং প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে ক্যাম্পাসে গোলাগুলির শব্দ শোনা যায়। রাত আড়াইটার দিকে গোলাগুলি বন্ধ হয়। বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোসাদ্দেক মিয়া প্রথম আলোকে বলেন, এক পক্ষ শাহজালাল ও শাহ আমানত হল থেকে এবং আরেক পক্ষ সোহরাওয়ার্দী হল থেকে গুলি চালায়। এ সময় উভয় পক্ষ প্রায় ৩৫টি গুলি ছোড়ে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার সূত্র জানায়, রাত পৌনে দুইটার দিকে আবির ইকবাল ও মো. রাকিব নামে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। আবিরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ছাত্রলীগ সূত্র জানায়, আবির ছাত্রলীগের নতুন কমিটির সহসম্পাদক ও মো. রাকিব পদবঞ্চিত কর্মী।
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমান বলেন, গত বুধবার রাত সোয়া একটার দিকে পদবঞ্চিত এবং পদ পাওয়া নেতা-কর্মীদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এতে একজন আহত হন। পুলিশ আসার পর উভয় পক্ষ পালিয়ে যায়।
ছাত্রলীগের পদবঞ্চিত নেতা রেজাউল হক প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় দলবল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে জিরো পয়েন্ট থেকে শাহজালাল হলে যান। আমরা রাত একটার দিকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সোহরাওয়ার্দী ছাত্রাবাসের সামনে পৌঁছলে ছাত্রলীগের কমিটিতে পদ পাওয়া শিবিরের নেতা-কর্মীরা আমাদের ওপর অতর্কিতে গুলি চালায়। এতে আমাদের দুজন গুলিবিদ্ধ হন।’ তিনি বলেন, ত্যাগী কর্মীদের কমিটিতে অন্তর্ভুক্ত এবং শিবির ও ছাত্রদলের কর্মীদের ছাত্রলীগের কমিটি থেকে বাদ না দেওয়া পর্যন্ত তাঁদের বিশ্ববিদ্যালয় অবরোধ কর্মসূচি চলবে।
ছাত্রলীগের নতুন কমিটির সহসম্পাদক রেজাউল করিম বলেন, বুধবার রাত আড়াইটার দিকে আলমগীরের নেতৃত্বে সন্ত্রাসীরা শাহজালাল হলের নয়টি কক্ষে হামলা চালায়। এ সময় তারা দুটি ল্যাপটপ, তিনটি পাখা ও টাকা লুট করে। এ ছাড়া বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়।
আলমগীর অভিযোগ অস্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘রাত সাড়ে ১০টার দিকে আমি ক্যাম্পাসে গেলে ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাকে বরণ করে শাহজালাল হলের দিকে নিয়ে যান। এ সময় ছাত্রলীগের কমিটি বিরোধীরা শাহজালাল হলের দিকে এলে নেতা-কর্মীরা তাঁদের ধাওয়া করেন। ধাওয়া খেলে তাঁরা অতর্কিতে গুলি চালায়। আমরা কোনো গুলি চালাইনি।’
এদিকে ছাত্রলীগের পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়ায় নেতা-কর্মীরা গতকাল ক্যাম্পাসে দুই দফা বিক্ষোভ মিছিল করেছেন। এ ছাড়া তাঁরা চট্টগ্রাম নগরের ২ নম্বর গেট এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। এই পরিস্থিতিতে গতকালও শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শাটল ট্রেন চলাচল বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের বেশির ভাগ শিক্ষার্থী ক্যাম্পাসে আসতে পারেননি। অল্পসংখ্যক শিক্ষার্থী বাসে করে ক্যাম্পাসে এলেও শুধু দু-একটি বিভাগে ক্লাস-পরীক্ষা হয়েছে।
ষোলশহর স্টেশনের মাস্টার শাহাবুদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আন্দোলনকারীরা কর্মসূচি প্রত্যাহার করেনি বলে শুনেছি। তাই নিরাপত্তার কারণে শাটল ট্রেন ছাড়া হয়নি। কবে ছাড়া হবে, তা বলা যাচ্ছে না।’
প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আশা করছি, বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক অবস্থা ফিরে আসবে।’
চট্টগ্রামে আসছেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা: উত্তেজনাকর পরিস্থিতিতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন আজ শুক্রবার চট্টগ্রামে আসছেন।
এস এম জাকির হোসাইন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পদবঞ্চিতদের সঙ্গে আলোচনার জন্য আমরা আগামীকাল (আজ শুক্রবার) চট্টগ্রামে যাচ্ছি। আমরা কমিটিতে শিবির ও ছাত্রদলের কেউ আছে কি না, তা তদন্ত করব।’ তিনি বলেন, ছাত্রলীগের অনেক ত্যাগী নেতা-কর্মী কমিটি থেকে বাদ পড়েছেন। তাঁদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে।