পদবঞ্চিতদের ধর্মঘট, শাটল ট্রেনে হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতদের ছোড়া পাথরে ভেঙে যাওয়া বিশ্ববিদ্যালয়মুখী একটি ট্রেনের ইঞ্জিনকক্ষের কাচ। ছবিটি গতকাল সকালে ষোলশহর স্টেশন থেকে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতদের ছোড়া পাথরে ভেঙে যাওয়া বিশ্ববিদ্যালয়মুখী একটি ট্রেনের ইঞ্জিনকক্ষের কাচ। ছবিটি গতকাল সকালে ষোলশহর স্টেশন থেকে তোলা l প্রথম আলো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটিতে স্থান ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীদের ডাকা ছাত্র ধর্মঘটে গতকাল বুধবার ক্লাস ও পরীক্ষা হয়নি। চলেনি শিক্ষকদের বহনকারী বাস ও শাটল ট্রেন। ধর্মঘট চলাকালে শাটল ট্রেনে হামলার ঘটনায় ট্রেনের চালক ও পুলিশের একজন সদস্য আহত হয়েছেন।
গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে বিক্ষোভ করে আসছেন পদবঞ্চিত ও প্রত্যাশিত পদ না পাওয়া নেতা-কর্মীরা। এরই ধারাবাহিকতায় গতকাল বিশ্ববিদ্যালয়ে ছাত্র ধর্মঘট আহ্বান করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, পদবঞ্চিত নেতা-কর্মীরা গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরে তালা ঝুলিয়ে দেন। এতে শিক্ষকদের বহনকারী কোনো বাস বিশ্ববিদ্যালয় থেকে শহরে যেতে পারেনি। সকাল পৌনে আটটার দিকে নগরের ঝাউতলা স্টেশনে বিশ্ববিদ্যালয়মুখী শাটল ট্রেন আটকে দেন তাঁরা। পদবঞ্চিত নেতা-কর্মীরা চালককে ট্রেন থেকে নামিয়ে আটকে রাখেন। ঘণ্টা খানেক পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এরপর ট্রেনটি আবার বিশ্ববিদ্যালয়ের দিকে যাত্রা করে। নগরের ফরেস্ট গেট এলাকায় ট্রেনটিকে আবার বাধা দেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। তাঁদের ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোড়ে। পদবঞ্চিত নেতা-কর্মীরাও পাল্টা ইটপাটকেল ছোড়েন। এতে পুলিশের সদস্য জাকির হোসাইন ও ট্রেনচালক মো. ওয়াহিদুজ্জামান আহত হন। পদবঞ্চিত নেতা-কর্মীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ট্রেনের কাচ ভেঙে যায়। পরে আর শাটল ট্রেন চলেনি।
জিআরপি পুলিশের এসআই মো. সুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ট্রেন চলাচলে বাধা দেওয়ার কারণে পুলিশ পাঁচটি ফাঁকা গুলি ছোড়ে। এরপর অবরোধকারীরা চলে যান। এ ঘটনায় পুলিশের একজন সদস্য ও ট্রেনচালক সামান্য আহত হয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ধর্মঘটের কারণে গতকাল কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের তেমন উপস্থিতি চোখে পড়েনি।
কর্মসূচি পালনকারী ও নতুন কমিটির শিক্ষা ও পাঠচক্র সম্পাদক আবদুল মালেক বলেন, ‘কেন্দ্রীয় কমিটিকে ত্যাগীদের ও যোগ্য নেতাদের যথাযথ মূল্যায়নের আবেদন জানাচ্ছি। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ওপর আমাদের পরবর্তী কর্মসূচি নির্ভর করবে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, পদবঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে গতকাল রাতে অথবা বৃহস্পতিবার (আজ) সকালে আলোচনা করা হবে।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি বলেন, ‘তারা (আন্দোলনকারী) যা করছে, সেটা চোরাগোপ্তা হামলা। বঙ্গবন্ধুর সৈনিকেরা এ ধরনের কাজ করতে পারে না।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, ‘আলাপ-আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করছি।’
নেতাদের ঢাকায় তলব: চলমান পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ঢাকায় ডেকে পাঠিয়েছেন কেন্দ্রীয় নেতারা। আন্দোলনকারী নেতা-কর্মীদের সঙ্গেও কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
ঢাকায় ডেকে পাঠানো সম্পর্কে জানতে চাইলে ফজলে রাব্বি বলেন, ‘মহিউদ্দিন ভাইয়ের (চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী) সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও আন্দোলনকারী নেতা-কর্মীদের ডাকা হয়েছে।