পদস্থ সরকারি কর্মকর্তাসহ ১৬ জনকে দুদকের অব্যাহতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুসন্ধানে ‘দুর্নীতির অভিযোগের প্রমাণ না পাওয়ায়’ উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাসহ ১৬ জনকে অব্যাহতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এঁদের মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান, পুলিশের একজন উপকমিশনার, হাইকোর্টের একজন বেঞ্চ অফিসার, বিদ্যুৎ বিভাগের একজন নির্বাহী প্রকৌশলী এবং একজন পৌরসভার মেয়র রয়েছেন।
এই ১৬ জনকে অব্যাহতি দেওয়ার বিষয়টি সম্প্রতি কমিশনের সচিব আবু মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত আলাদা চিঠিতে মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হয়েছে। এসব চিঠি থেকে অব্যাহতির বিষয়টি জানা গেছে।
দুদকের চিঠির সূত্রে জানা গেছে, বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ভাড়া দেওয়া ও মেরামতের ক্ষেত্রে নানা দুর্নীতির অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে সংস্থাটির এমডি কমোডর মকসুমুল কাদেরকে।
রাষ্ট্রায়ত্ত আরেক প্রতিষ্ঠান বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান আবদুল মান্নানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে আরেকটি অভিযোগ থেকে। রেলওয়ের মোটর আর্মেচার মেরামতের কার্যাদেশ ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দের লোকজনকে দেওয়ার মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে। অব্যাহতি পাওয়া অন্যরা হলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) মো. দেলোয়ার হোসাইন, অতিরিক্ত মহাপরিচালক (আরএস) মো. টি এ চৌধুরী, বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক সেকেন্দার আলী এবং রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রক মাজহারুল ইসলাম খান।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে হাইকোর্ট বিভাগের বেঞ্চ অফিসার মো. বুলবুল আহমেদ পাটোয়ারীকে। ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ সম্পদের মালিক হওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। দুদকের উপসহকারী পরিচালক মো. মনিরুল ইসলাম এ অভিযোগের অনুসন্ধান শেষে তাঁকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করলে কমিশন তা অনুমোদন দেয়।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে বসতবাড়ি দখল, জমি দখল এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত আগস্টে অনুসন্ধান শুরু করে দুদক। দুদকের অনুসন্ধান ও তদন্ত-৩-এর উপপরিচালক হামিদুল হাসান বিষয়টি অনুসন্ধান করেন। অনুসন্ধানে অভিযোগের প্রমাণ না পাওয়ায় বিপ্লব কুমারকে অব্যাহতি দেওয়া হয়।
সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে খুলনা বিদ্যুৎ সরবরাহ-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোশারফ হোসেনকে। ভুয়া বিল ও রসিদের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কৃষি প্রকৌশল প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ জনগোষ্ঠীর কর্মসংস্থান প্রকল্পের সাবেক প্রকল্প পরিচালক মো. আলমগীর হোসেন খান।
বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও রাজস্ব খাতের অর্থ আত্মসাতের অভিযোগ থেকে অব্যাহতি পান কিশোরগঞ্জের হোসেনপুর পৌরসভার মেয়র মুহাম্মদ মাহবুবুর রহমানসহ ছয়জন। অন্য পাঁচজন হলেন হোসেনপুর পৌরসভার সাবেক সচিব মো. সফিকুর রহমান ও নুরুল ইসলাম, সাবেক সহকারী প্রকৌশলী মো. নুরুল আলম, সাবেক উপসহকারী প্রকৌশলী শাহ আলম ও সাবেক হিসাবরক্ষক এমদাদুল ইসলাম।