দেশের দ্বিতীয় সাবমেরিন কেবলের (এসইএ-এমই-ডব্লিউই-৫) অভ্যন্তরীণ অবকাঠামো বা ব্যাকহোল ট্রান্সমিশন লিংক নির্মাণ প্রকল্পে তিন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান পদে পদে অনিয়ম করেছে। তিনটি প্রতিষ্ঠান হলো টেলিফোন শিল্প সংস্থা (টেশিস), বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ও বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)।
অনিয়মের মধ্যে রয়েছে কেনাকাটায় সরকারি ক্রয় আইন ভঙ্গ, কাজের অভিজ্ঞতার বিষয়ে অসত্য তথ্য দেওয়া ও ঠিকাদারি চুক্তির শর্ত ভঙ্গ। এসব অনিয়মের কারণে দ্বিতীয় সাবমেরিন কেবলের মান ও নিরবচ্ছিন্ন ব্যান্ডউইটথ পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছে। অন্যদিকে চরম আর্থিক সংকটে পড়েছে টেশিস। প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন নথিপত্র বিশ্লেষণ করে অনিয়মের এসব তথ্য পাওয়া গেছে।
এসইএ-এমই-ডব্লিউই-৫ হলো ১৯টি টেলিযোগাযোগ সংস্থার যৌথ উদ্যোগে সমুদ্রের তলদেশ দিয়ে তৈরি একটি আন্তর্জাতিক সাবমেরিন কেব্ল। এই কেব্লটির সঙ্গে যুক্ত হতে পটুয়াখালীর কুয়াকাটায় ল্যান্ডিং স্টেশন তৈরি করেছে বিএসসিসিএল। ল্যান্ডিং স্টেশন পর্যন্ত সাবমেরিন কেব্ল আনার সংযোগ গত ডিসেম্বরে শেষ হলেও এটির সঙ্গে ঢাকাসহ সারা দেশকে সংযুক্ত করার (ব্যাকহোল ট্রান্সমিশন লিংক) কাজটি এখনো শেষ হয়নি।
কাজটি করার জন্য ২০১৬ সালের এপ্রিলে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে বিটিসিএল। প্রায় ছয় মাসের প্রক্রিয়া শেষে কাজটি করার জন্য যোগ্য প্রতিষ্ঠান নির্বাচিত হয় তুরস্কের নেতাশ। কিন্তু কোনো কারণ ছাড়াই ওই দরপত্রের প্রক্রিয়া বাতিল করে দেয় বিটিসিএল। এরপর বিটিসিএলের পরিচালনা পর্ষদ ‘জরুরি পরিস্থিতি’র কথা উল্লেখ করে গত নভেম্বরে মাত্র চার কার্যদিবসে টেশিসকে কাজ দেয়। অথচ এই কাজের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি টেশিস তৈরি করে না। যন্ত্রপাতি কেনার জন্য তাই ভারতীয় প্রতিষ্ঠান তেজাশকে কৌশলগত অংশীদার বলে দাবি করে টেশিস।
এ ছাড়া সরকারের সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) আইন অনুযায়ী, বিশেষ পরিস্থিতিতে কেনাকাটার ক্ষেত্রে যন্ত্রপাতি অবশ্যই সরকারি মালিকানাধীন কোম্পানির নিজস্ব উৎপাদিত হতে হবে। আর ক্রয় আইনে উল্লিখিত নির্দিষ্ট কারণ ছাড়া কোনো দরপত্র বাতিল করা যায় না।
এখন প্রকল্পের যন্ত্রপাতি কেনার অর্থ পরিশোধ করতে গিয়েও বড় ধরনের সংকটে পড়েছে টেশিস। যদিও এ পর্যন্ত টেশিস ৯ কোটি ৪৪ লাখ টাকা আগাম নিয়েছে বিটিসিএলের কাছ থেকে। এরপর টাকা চেয়ে গত ৮ মার্চ বিটিসিএলকে চিঠি দিয়েছে টেশিস। তাতে বলা হয়, এখন প্রকল্পের খরচ চালানোর জন্য পর্যাপ্ত অর্থ টেশিসের তহবিলে নেই। এ জন্য প্রকল্পের কাজ শেষ করতে দেরি হলে এর দায় টেশিস নেবে না।
এর আগে ১৬ ফেব্রুয়ারি ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে লেখা চিঠিতে টেশিস জানায়, প্রাপ্য অর্থ পরিশোধ না করায় টেশিস চরম অর্থ-সংকটে পড়েছে। টেশিসের অবসরপ্রাপ্ত কর্মচারীদের গ্র্যাচুইটির তহবিলের অর্থ থেকে প্রকল্পের যন্ত্রপাতির মূল্য পরিশোধের বিষয়টিও চিঠিতে উল্লেখ করা হয়। টেশিস সূত্র জানায়, গ্র্যাচুইটি তহবিলের আড়াই কোটি টাকা ব্যবহার করা হয়েছে।
প্রকল্পের কাজ পেতে টেশিসের আবেদনে বলা হয়েছিল, যুক্তরাষ্ট্রের সিয়েনা তেজাশের কারখানায় তাদের যন্ত্রপাতি তৈরি করে। অবশ্য সিয়েনা গত অক্টোবরে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকে চিঠি দিয়ে জানায়, সিয়েনার ১০০ জিবিপিএস সক্ষমতার কোনো যন্ত্রপাতি তেজাশ কখনো তৈরি করেনি।
শর্ত অনুযায়ী গুণগত মান নিশ্চিত করতে প্রস্তাবিত যন্ত্রপাতি অন্তত তিন দেশে তিন বছর সন্তোষজনকভাবে চলেছে, এমন সনদ দেওয়া বাধ্যতামূলক। কিন্তু তেজাশের পক্ষে টেশিস এমন কোনো সনদ দিতে পারেনি। টেশিসের প্রস্তাব মূল্যায়নের জন্য গঠিত বিটিসিএলের কমিটি তেজাশের যন্ত্রপাতিকে অগ্রহণযোগ্য বলে প্রতিবেদন দেয়। তারপরও গত ৪ নভেম্বর টেশিস, বিটিসিএল ও বিএসসিসিএলের তিন ব্যবস্থাপনা পরিচালক ভারতে তেজাশের কারখানা পরিদর্শনে যান। সেখানে বিটিসিএলের পরিচালনা পর্ষদের অনুমোদন ছাড়াই তেজাশের সঙ্গে যন্ত্রপাতি কেনার জন্য সমঝোতা স্মারকে সই করা হয়।
এ সময় দেওয়া অভিজ্ঞতা সনদে বলা হয়, তেজাশ ২০১৩ সালে কম্বোডিয়ায় ১০০ জিবিপিএস সক্ষমতার ডিডব্লিউডিএম যন্ত্রপাতি সরবরাহ করেছে। কিন্তু কম্বোডিয়ায় প্রথম ১০০ জিবিপিএস সক্ষমতার সংযোগ তৈরিই হয়েছে ২০১৫ সালে। আর এ কাজটি অ্যালকাটেল-লুসেন্ট (বর্তমানে নকিয়া) নামের একটি প্রতিষ্ঠান করেছে, যা তাদের ওয়েবসাইটে উল্লেখ আছে।
তেজাশের যন্ত্রপাতি কিনতে মার্কেন্টাইল ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখা থেকে গত ৪ ডিসেম্বর খোলা ঋণপত্রের (এলসি) সঙ্গে কোম্পানির ৫ ফেব্রুয়ারি পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপিত তথ্যের বড় ধরনের গরমিল পাওয়া গেছে। এলসির মূল্যমান ছিল ২১ লাখ ৪০ হাজার মার্কিন ডলার বা ১৭ কোটি টাকা। কিন্তু পরিচালনা পর্ষদের সভায় উপস্থাপিত তথ্যে এলসির মূল্যমান ২ কোটি ১৪ লাখ ৭ হাজার ডলার বা ১৭১ কোটি টাকা; অর্থাৎ ১৫৪ কোটি টাকা বেশি দেখানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে টেশিসের ব্যবস্থাপনা পরিচালক কবীর হাসান প্রথম আলোকে বলেন, ‘মুদ্রণজনিত ভুলে এমনটি হয়েছে। এ জন্য কোম্পানি সচিবসহ দুজনকে কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে। স্বাক্ষরকারী হিসেবে এটা আমার দেখা উচিত ছিল, এই ভুল স্বীকার করি।’
প্রতিযোগিতামূলক দরপত্রে যোগ্য ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠানের যন্ত্রপাতি বাদ দিয়ে কেন অসত্য তথ্য ও ভুয়া সনদের ভিত্তিতে তেজাশের যন্ত্রপাতি কেনা হচ্ছে, এ ব্যাপারে জানতে চাইলে সংশ্লিষ্ট তিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকেরা কোনো সদুত্তর দিতে পারেননি।
টেলিযোগাযোগবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান লার্ন এশিয়ার জ্যেষ্ঠ গবেষক আবু সাইদ খান প্রথম আলোকে বলেন, যেসব অনিয়ম এ প্রকল্পে হয়েছে তাতে কিছু লোকের জেলে যাওয়া উচিত। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে দিনশেষে এসবের দায় দেশের রাজনৈতিক নেতৃত্বকেই নিতে হবে।