রাষ্ট্রীয় তেল বিপণন কোম্পানি পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরসহ সাতজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ৩ কোটিরও বেশি টাকা আত্মসাতের দুটি মামলাতেই আবুল খায়ের আসামি।
দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরের সদরঘাট থানায় মামলা দুটি করেন।
আবুল খায়ের বর্তমানে রাষ্ট্রীয় আরেক তেল বিপণন কোম্পানি যমুনা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। দুদকের করা দুই মামলার একটিতে আবুল খায়েরসহ আসামির সংখ্যা পাঁচজন। অপর মামলায় আসামি তিনজন। এর মধ্যে একটি মামলা করা হয়েছে পৌনে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে। অপর মামলায় আত্মসাৎ করা টাকার পরিমাণ উল্লেখ করা হয়েছে ৩২ লাখ।
দুদক সূত্র ও মামলার এজাহারে জানা যায়, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উড়োজাহাজে জ্বালানি সরবরাহের জন্য ২০১২ সালে হাইড্রেন্ট লাইন নির্মাণের একটি প্রকল্পের কাজ শুরু করে পদ্মা অয়েল। ২০১৬ সালের জুনে প্রকল্পের কাজ শেষ হয়। প্রকল্প অনুযায়ী ১৪ ইঞ্চি ডায়ামিটারের ২ হাজার মিটার, ৬ ইঞ্চি ডায়ামিটারের ১ হাজার ২০০ মিটার ও ৪ ইঞ্চি ডায়ামিটারের ১ হাজার মিটার হাইড্রেন্ট লাইন তৈরি করার কথা। এই কাজের মোট খরচ দেখানো হয় ৯ লাখ ৬৭ হাজার ৪০০ মার্কিন ডলার। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, যে পিরমাণ কাজ করার কথা ছিল তা করা হয়নি। কম কাজ করে ৩ লাখ ৩৪ হাজার ৫৬১ মার্কিন ডলার বা ২ কোটি ৭৫ লাখ ৮৪ হাজার ৬২২ টাকা আত্মসাৎ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতে জড়িত থাকার অভিযোগে পদ্মা অয়েলের তৎকালীন এমডিসহ তিনজনের বিরুদ্ধে এই মামলা হয়েছে।
বাকি দুই আসামি হচ্ছেন ঠিকাদারি প্রতিষ্ঠান ম্যাক্সওয়েল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাহিম জামান পাঠান ও প্রকল্পের পরিচালক পদ্মা অয়েলের কর্মকর্তা মো. আলী হোসেন।
অপর মামলাটি হয়েছে পদ্মা অয়েলের খুলনার দৌলতপুর ডিপোতে তিনতলা একটি ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে। মামলার এজাহারে অভিযোগ করা হয়, ২০১৩ সালে ভবনটি নির্মাণের কাজ শুরু হয়। ওই ভবন নির্মাণে ব্যয় দেখানো হয় ১ কোটি ৯০ লাখ ২৪ হাজার ৮২ টাকা। কিন্তু প্রকৃতপক্ষে ভবন নির্মাণে ব্যয় হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ১২১ টাকা। এখানে ৩২ লাখ ৬৭ হাজার ৯৬১ টাকা আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় বিল তৈরি ও অনুমোদনের সঙ্গে জড়িত থাকায় মোট পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এতে পদ্মা অয়েলের তৎকালীন এমডি আবুল খায়ের ছাড়াও ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মো. ইউনূস
অ্যান্ড কোম্পানির মালিক মো. আনিছুর রহমান, পদ্মা অয়েলের কর্মকর্তা কে এম আবদুর রহিম, সালেকী আহমেদ আইনুল আক্কাসী ও মো. নুরুল আমীনকে আসামি করা হয়েছে।
এ বিষয়ে পদ্মা অয়েলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল খায়েরের বক্তব্য জানতে গতকাল তাঁর সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু ফোন বাজলেও তিনি তা ধরেননি।
মামলার বাদী দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, অনুসন্ধানে প্রাথমিকভাবে দুর্নীতির প্রমাণ পাওয়া গেছে। অর্থ আত্মসাতের দুটি ঘটনায় বিস্তারিত তদন্ত করা হবে।