পদ্মা ও মেঘনায় মা ইলিশ শিকারে শিশুদের ব্যবহার

চলছে ইলিশের প্রজনন মৌসুম। মা ইলিশ রক্ষার জন্য ২২ দিন ইলিশ শিকার নিষিদ্ধ করেছে সরকার। নিষেধাজ্ঞা উপেক্ষা করে শরীয়তপুরের পদ্মা ও মেঘনা নদীতে ইলিশ শিকার করা হচ্ছে। জেলেরা কৌশল পরিবর্তন করে নদীতে ইলিশ শিকার করতে পরিবারের শিশুদের ব্যবহার করছেন।
জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ইলিশ শিকার, পরিবহন, বিপণন ও মজুত নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। নিষেধাজ্ঞা উপেক্ষা করলে মৎস্য আইনে এক থেকে দুই বছর পর্যন্ত কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করার বিধান রয়েছে।
শিশুরা নিষেধাজ্ঞা উপেক্ষা করলে তাদের আইনের আওতায় আনা হয় না—এমন সুযোগে তাদের অভিভাবকেরা শিশুদের নদীতে পাঠাচ্ছেন মাছ শিকার করতে। শিশুরাই আবার ওই মাছ বিক্রি করছে।
গত শুক্রবার ভেদরগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায় চেয়ারম্যানস্টেশন বাজার এলাকা থেকে ইলিশ শিকার করা অবস্থায় সাত শিশুকে আটক করেন। পরে তাদের অভিভাবকদের ডেকে এনে তাঁদের সতর্ক করে ওই শিশুদের ছেড়ে দেন।
জানতে চাইলে প্রবীর কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘কিছু কিছু স্থানে জেলেরা কৌশল পরিবর্তন করে ইলিশ শিকার করার জন্য পরিবারের শিশুদের ব্যবহার করছে। এমন ঘটনা আগে কখনো আমাদের নজরে আসেনি। শিশুদের ওপরে ভ্রাম্যমাণ আদালত আইন প্রয়োগ করতে পারেন না—এমন ভাবনা থেকে ইলিশ শিকারে তাদের ব্যবহার করা হচ্ছে।’
গোসাইরহাট উপজেলার মাইজারা গ্রামের নাহিদ মৃধা (১১), নিজাম সরদার (১০), শিমুল সরদার (১১) ও রেজাউল করিম (১২) ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা নিয়ে পদ্মা নদীর চরমাইজারা এলাকায় ইলিশ শিকার করছে। তারা পাঁচ দিন ধরে ওই স্থানে ইলিশ শিকার করছে। আরেকটি জেলেনৌকার মাধ্যমে ওই শিশুদের নদীর তীরে ডেকে আনা হয়। সব সময় তারা নদীতে মাছ শিকার করে কি না—জানতে চাইলে তারা জানায়, তারা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করে। শুধু মা ইলিশ রক্ষায় অভিযান চলার কারণে তারা নদীতে ইলিশ শিকার করতে এসেছে। এ সময় নদীতে অনেক মাছ পাওয়া যায়। পরিবারের বড় সদস্যরা এলে পুলিশে ধরতে পারে—এ কারণে তাদের পাঠানো হয়েছে।
গোসাইরহাট উপজেলার মাইজারা গ্রামের কাদের মৃধা বলেন, ‘অভিযানের সময় আমরা নদীতে গেলে জেল-জরিমানা করা হয়। এই ভয়ে আমরা তীরে থেকে শিশুদের দিয়ে ইলিশ শিকার করাচ্ছি। আগেই ওদের মাছ শিকার করার কৌশল শিখিয়ে দিয়েছি।’
শুক্রবার গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি, কোদালপুর ও আলওয়ালপুর; ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া, দক্ষিণ তারাবুনিয়া ও চরভাগা এলাকায় শিশুদের নদীতে মাছ শিকার করতে দেখা গেছে। শিকার করা মাছ আবার শিশুরাই বিক্রি করছে।
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা আবদুস সাত্তার বলেন, ‘নিষেধাজ্ঞা উপেক্ষা করে জেলেরা মাছ শিকার করছে। জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ নিয়মিত অভিযান পরিচালনা করছে। জেলেদের জেল-জরিমানা করছে। এ বছর জেলেরা কৌশল পরিবর্তন করে শিশুদের দিয়ে ইলিশ শিকার করাচ্ছে। আমরা ওই শিশুদের অভিভাবকদের সতর্ক করছি।’