পদ্মা থেকে তিন মণ ইলিশ ও জাল জব্দ

‘মা’ ইলিশ রক্ষায় কয়েক দিন ইলিশ শিকারের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। রাতের আঁধারে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে ইলিশ শিকার চলছে।
তকাল শুক্রবার মধ্যরাত থেকে শুরু করে আজ শনিবার ভোর পর্যন্ত পদ্মা নদীতে অভিযান চালিয়ে উপজেলা মৎস্য অফিস প্রায় তিন মণ ইলিশ ও ৫০ হাজার মিটারের বেশি ২৭টি বড় কারেন্ট জাল জব্দ করেছে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শীলা রায় প্রথম আলোকে বলেন, মা ইলিশ মাছ রক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীর দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নের বাহিরচর দৌলতদিয়া, ঢল্লাপাড়া, কুশাহাটা, রাখালগাছি, অন্তার মোড় ও দেবগ্রাম এলাকায় অভিযান চালানো হয়। গতকাল রাত ১১টা থেকে আজ ভোর চারটা পর্যন্ত অভিযান চালানো হয়। এ সময় নদী থেকে প্রায় তিন মণ ইলিশ মাছ ও ৫০ হাজার মিটারের বেশি ২৭টি বড় কারেন্ট জাল জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় নয় লাখ টাকা। সকাল আটটার দিকে উপজেলা পরিষদ চত্বরে কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়। মাছগুলো পার্শ্ববর্তী ভান্ডারিয়া মাদ্রাসার এতিমখানায় দেওয়া হয়েছে।