পদ্মা নদীর বেড়া অপসারণ শুরু

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে পদ্মা নদীর আটটি স্থানে স্থাপন করা বাঁশের বেড়া অপসারণ গত রোববার শুরু হয়েছে। উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মীরা চেয়ারম্যান স্টেশনঘাট এলাকার দুটি বেড়া অপসারণ করেছেন।
ভেদরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা জিল্লুর রহমান বলেন, কোস্টগার্ডের সহায়তায় বেড়াগুলো অপসারণের কাজ শুরু হয়েছে। এ সময় মালিকদের খুঁজে পাওয়া যায়নি। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পদ্মা নদীতে চেয়ারম্যান স্টেশনঘাট এলাকায় দুটি বেড়া স্থাপন করেন জিন্নাত আলী প্রধানিয়া ও হাসান আলী; গায়েন বাজারে দুটি বেড়া স্থাপন করেন কাশেম মাল ও দেলোয়ার মিজি; গালিয়ার চরে দুটি বেড়ার মালিক কুদ্দুস প্রধানিয়া ও জামাল দর্জি; বালিয়ার চরে স্থাপন করেন শাজাহান বকাউল এবং রাজরাজেশ্বরে বেড়া স্থাপন করেন ইউসুফ ব্যাপারী।
গত শুক্রবার এ বিষয়ে ‘পদ্মায় আবারও বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
গত বছর এই এলাকায় আটটি বেড়া স্থাপন করা হয়েছিল। তখনো এ নিয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। স্থানীয় প্রশাসন তখন বেড়া স্থাপনকারীদের বিরুদ্ধে কোনো আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় তাঁরা আবার বেড়াগুলো স্থাপন করেন।