পদ্মা পারাপারে বেশি ভাড়া আদায়
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পদ্মা নদীর গোপালপুর ও চরমঈনুট ঘাটে যাত্রী পারাপারে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে যাত্রীদের কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।
গত ১৫ এপ্রিল সদর ইউনিয়নের চরভদ্রাসন গ্রাম ও ঢেউখালী ইউনিয়নের চরমঈনুট গ্রামের ১০৭ ব্যক্তি ওই অভিযোগ দেন। অভিযোগটি ফরিদপুর-৪ আসনের সাংসদ, ঢাকা বিভাগীয় কমিশনার, স্থানীয় সরকার বিভাগের পরিচালক, জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসককেও (রাজস্ব) দেওয়া হয়েছে।
অভিযোগে বলা হয়, এ পথে মাত্র তিন কিলোমিটার নদী পারাপারে কয়েক বছর ধরে যাত্রীপ্রতি ট্রলারে ৫০ টাকা ও স্পিডবোটে ১৩০ টাকা ভাড়া আদায় করা হচ্ছিল। চলতি বাংলা বছরের শুরু থেকে ঘাট-মালিক ট্রলারে ৮০ টাকা ও স্পিডবোটে ১৬০ টাকা হারে ভাড়া আদায় করছেন। এ ছাড়া বিকেল হলেই ওই নৌপথে স্পিডবোটে যাত্রীপ্রতি ৫০০ টাকা ভাড়া আদায় করা হচ্ছে। ঘাটে ভাড়ার কোনো তালিকা টাঙানো হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে একটি ট্রলারের চালক বলেন, ‘ভাড়া যত বেশি আদায় করা হোক না কেন, আমাদের যাত্রীপ্রতি ৩০ টাকা ভাড়া দেওয়া হয়। বাকি সব টাকাই ঘাট-মালিক নিয়ে নেন।’
গোপালপুর থেকে চরমঈনুট ঘাটের যাত্রী ইরফান শেখ (৪০) জানান, এ ঘাটে কোনো নিয়ম-নীতি অনুসরণ করা হয় না। ঘাট-মালিক এলাকার প্রভাবশালী হওয়ায় কেউ মুখ খুলতেও সাহস পায় না।
চলতি বছর এ দুই ঘাট দুই কোটি ৮০ লাখ ৫১ হাজার ২০০ টাকায় ইজারা নিয়েছেন আবদুল কুদ্দুস পাটনী। কিন্তু ঘাটটি পরিচালনা করেন উজ্জল হোসেন। তিনি দাবি করেন, তাঁরা আগের হারে ভাড়া আদায় করছেন। আর বিকেল পাঁচটার পর স্পিডবোটে জনপ্রতি ২০০ টাকা নেওয়া হচ্ছে।
চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাক জানান, এ মাসে উপজেলার মাসিক সমন্বয় সভায় বিষয়টি উপস্থাপন করে ভাড়া কমানোর উদ্যোগ নেওয়া হবে।
ইউএনও নাসির উদ্দিন জানান, এ বছর গোপালপুর চরমঈনুট ঘাটটি আন্তজেলা ঘাট করা হয়েছে। এটি ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয় নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, ‘ঢাকা থেকে এ ব্যাপারে নির্দেশনা না দিলে আমার পক্ষে কিছুই করা সম্ভব নয়। আর এ বছর আমাদের কাছে টোলের তালিকাও পাঠানো হয়নি।’