পদ্মা সেতু প্রকল্প এলাকায় দুই সাংবাদিককে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু প্রকল্প এলাকায় সেনানিবাস নির্মাণের জন্য অধিগ্রহণ করা জায়গায় একটি চক্র রাতের আঁধারে গাছ লাগাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার এ-সংক্রান্ত তথ্য সংগ্রহে গেলে স্থানীয় লোকজন দুই সাংবাদিককে মারধর করেছেন। এ ঘটনায় জাজিরা থানায় মামলা হয়েছে। এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় সেনানিবাস নির্মাণ করা হচ্ছে। এ জন্য জেলা প্রশাসনের মাধ্যমে ৯৯ দশমিক ৪৪ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। ওই জমিতে থাকা ঘরবাড়ি, স্থাপনা ও গাছপালার দাম নির্ধারণে অনিয়মের অভিযোগ ওঠায় জেলা প্রশাসক মূল্য পুনর্নির্ধারণের নির্দেশ দিয়েছেন। বন বিভাগের পাঁচ সদস্যের তদন্ত কমিটি মূল্য পুনর্নির্ধারণের কাজ শুরু করেছে। এই পরিপ্রেক্ষিতে রাতে একটি চক্র বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার আশায় গাছ লাগাচ্ছে বলে অভিযোগ ওঠে।
এ বিষয়ে খবর সংগ্রহে গতকাল চারজন সাংবাদিক ঘটনাস্থলে যান। বেলা একটার দিকে নাওডোবা তাহের ঢালী কান্দি গ্রামে পৌঁছালে একই গ্রামের সাত্তার ঢালী ও তোফাজ্জল ঢালীর নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে তাঁদের ঘেরাও করে। পরে ইনডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি নুরুল আমীন ও যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কাজী মনিরুজ্জামানকে কিলঘুষি মারা হয়। মনিরুজ্জামানের ক্যামেরা ছিনিয়ে নেওয়া হয়। স্থানীয় এক ইউপি সদস্য অন্য দুই সাংবাদিককে রক্ষা করেন।
এ ঘটনায় কাজী মনিরুজ্জামান বাদী হয়ে জাজিরা থানায় সাত্তার ঢালী ও তোফাজ্জল ঢালীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
অধিগ্রহণ করা জমির বাড়তি ক্ষতিপূরণ পাওয়ার আশায় একটি চক্র পুকুর খনন, ঘরবাড়িসহ অন্যান্য স্থাপনা নির্মাণ করে। এ ছাড়া ওই স্থানে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ নিয়ে ১০ ফেব্রুয়ারি ‘বাড়তি ক্ষতিপূরণের আশায় ঘর নির্মাণ, পুকুর খনন’ শিরোনামে প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর ১৩ ফেব্রুয়ারি জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তাকে ও গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীকে চিঠি দেন। জেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ তদন্ত অনুযায়ী, সরেজমিনে পুনঃ তদন্ত ও যাচাই করে বাস্তবভিত্তিক বাজারমূল্য নির্ধারণ করতে বলা হয়।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আসামি তোফাজ্জাল ঢালীকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।