পদ্মায় আবারও বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পদ্মা নদীতে আবারও বাঁশের সঙ্গে জাল দিয়ে বেড়া তৈরি করে মাছ শিকার করা হচ্ছে। উপজেলার উত্তর তারাবুনিয়া ইউনিয়নে নদীর আটটি স্থানে বেড়া দেওয়া হয়েছে।
মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী, নদীতে আড়াআড়ি বেড়া দিয়ে মাছ শিকার করা দণ্ডনীয় অপরাধ। দীর্ঘদিন ধরে এভাবে বেড়া দিয়ে জাটকাসহ ছোট-বড় মাছ শিকার করা হলেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সরেজমিনে দেখা যায়, ভেদরগঞ্জ উপজেলার গৌরাঙ্গ বাজার থেকে ঘোয়ালনগর পর্যন্ত পদ্মা নদীর মধ্যে ছোট একটি চর। চরের দক্ষিণ ও উত্তর প্রান্ত দিয়ে নদী প্রবাহিত হয়েছে। ১০ কিলোমিটার দীর্ঘ এ জায়গার মধ্যে আড়াআড়ি বাঁশ দিয়ে আটটি বেড়া নির্মাণ করা হয়েছে। বাঁশের সঙ্গে চিকন জাল দিয়ে মাছ শিকার করা হচ্ছে। বেড়াগুলোর দৈর্ঘ্য ৪০০ মিটার থেকে ৫০০ মিটার পর্যন্ত। নৌযান চলাচলের জন্য নদীর এক প্রান্ত ফাঁকা রেখে বেড়াগুলো স্থাপন করা হয়েছে। এ জন্য সব ধরনের নৌযানকে নদীর এক প্রান্ত দিয়ে চলাচল করতে হয়। এ কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে।
তারাবুনিয়া এলাকার ট্রলারচালক লোকমান হোসেন বলেন, নদীতে বাঁশের বেড়া থাকার কারণে তাঁদের বেশি পথ ঘুরে চলাচল করতে হয়। রাতে সমস্যা হয় সবচেয়ে বেশি।
স্টেশনবাজার, চরবাজারের কয়েকজন মৎস্য ব্যবসায়ী ও চরবাঘা, মালকান্দির কয়েকজন জেলে জানান, গত নভেম্বর মাসে এ বেড়াগুলো স্থাপন করা হয়েছে। প্রতিদিন ভোর ও সন্ধ্যায় দুইবার এখান থেকে মাছ ধরা হয়। প্রতিবারে ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকার মাছ পাওয়া যায়। এর অধিকাংশই জাটকা। যিদও নভেম্বর-জুনে জাটকা আহরণ নিষিদ্ধ।
চেয়ারম্যান স্টেশন ঘাটের দুটি বেড়া স্থাপন করেছেন জিন্নাত আলী প্রধানিয়া ও হাসান আলী; গায়েন বাজারে দুটি বেড়ার মালিক কাশেম মাল ও দেলোয়ার মিজি; গালিয়ার চরে দুটি বেড়া দিয়েছেন কুদ্দুস প্রধানিয়া ও জামাল দরজি; বালিয়ার চরে শাজাহান বকাউল এবং রাজরাজেশ্বরে ইউসুফ বেপারি বেড়া স্থাপন করেছেন।
গত বছর এ এলাকায় আটটি বেড়া স্থাপন করা হয়েছিল। এ বিষয়ে প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন বেড়াগুলো অপসারণ করে। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়ায় পুনরায় তাঁরা বেড়া দিয়ে মাছ শিকার করছেন।
জিন্নাত আলী প্রধানিয়া বলেন, ‘নদীতে মাছ ধরা আমাদের পেশা। তাই বিভিন্ন প্রক্রিয়ায় নদী থেকে মাছ শিকার করি। দীর্ঘদিন ধরে আমরা বাঁশের বেড়া দিয়ে মাছ ধরছি। গত বছরও ধরেছি। মৎস্য কার্যালয় থেকে বাধা দেওয়ায় আমরা বেড়া খুলে ফেলেছিলাম।’
মালিক ইউসুফ বেপাির বলেন, ‘বেড়া দিয়ে আমরা কোনো ছোট মাছ শিকার করি না। সবার সঙ্গে যোগাযোগ রেখেই নদীতে বেড়া দেওয়া হয়েছে।’
শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. মহসিন বলেন, মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন কেউ অমান্য করলে সর্বোচ্চ দুই বছর সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নেছার উদ্দিন বলেন, ‘নদীতে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকারের অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ নিয়ে আইনানুগ পদক্ষেপ নেওয়া হবে।’