পদ্মায় নিষিদ্ধ জালে মাছ শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধ করেন্ট জাল দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মাছ ধরেন জেলেরা। তীরে ছেঁড়া–ফাড়া জাল মেরামত করছেন দুই জেলে। সম্প্রতি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেতকা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
নিষিদ্ধ করেন্ট জাল দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে মাছ ধরেন জেলেরা। তীরে ছেঁড়া–ফাড়া জাল মেরামত করছেন দুই জেলে। সম্প্রতি উপজেলার দেবগ্রাম ইউনিয়নের বেতকা এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় প্রভাবশালী ব্যক্তিদের মদদে পদ্মা নদীতে জেলেরা নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে মাছ ধরছেন। 
এদিকে অভিযান চালাতে গিয়ে বারবার বাধার মুখে পড়ায় মৎস্য কর্মকর্তারা অনেকটা ঝিমিয়ে পড়েছেন।
গত সোমবার উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড়, সাজাপুর, দেবীপুর, বেতকা এলাকায় গিয়ে দেখা যায়, পদ্মার পাড়ে শতাধিক জেলে নৌকায় বসে আছেন। প্রখর রোদের মধ্যে কিছু নৌকা নিয়ে জেলেরা নদীতে জাল ফেলছেন। কেউ বালুর চরে ভেজা জাল শুকাচ্ছেন, কেউ নদীর পাড়ে বসে ছেঁড়া-ফাটা জাল মেরামত করছেন।
রাজবাড়ী সদর উপজেলার দাদশী থেকে মাছ শিকারে এসেছেন আরশাদ শিকদার (৫০)। সাজাপুর এলাকায় আলাপকালে তিনি বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত জাল ফেলে দেড় কেজির মতো বেলে মাছ পেয়েছেন। কারেন্ট জাল দিয়ে মাছ শিকার নিষেধ জানালে তিনি বলেন, ‘নিষেধ থাকতেই পারে। সব মানলে চলবো কীভাবে?’
রাজবাড়ীর সাভার থেকে এসেছেন দুই ভাই স্বপন ও খালেক দেওয়ান। খালেক বলেন, ‘শিখেছি শুধু মাছ মারা, অপরাধ হলেও পেশা তো ছাড়তে পারি না।’ জেলেরা বলেন, দেবগ্রাম থেকে দৌলতদিয়া পর্যন্ত ৩০০-৪০০টি জেলে নৌকা আছে। অধিকাংশ জেলেই কারেন্ট জাল ব্যবহার করেন। স্থানীয় কয়েকজন বলেন, প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থাকায় কোনো কিছুর তোয়াক্কা না করে জেলেরা অবাধে মাছ শিকার করছেন। প্রভাবশালীদের পরিচয় জানতে চাইলে তাঁরা আর কথা বলতে চান না।
উপজেলা মৎস্য কার্যালয়ের দুজন নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযান চালাতে গেলে প্রায়ই জেলেদের রোষানলে পড়েন মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা। জেলেদের পেছনে প্রভাবশালীদের হাত না থাকলে তাঁরা (জেলেরা) এত বড় কাজ করতে পারেন না। বারবার বাধার মুখে পড়ায় অভিযান চালাতে আগ্রহ হারিয়ে ফেলছেন মৎস্য কার্যালয়ের কর্মকর্তারা।
গত বছরের ১৪ অক্টোবর মা ইলিশ রক্ষা কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে মৎস্য বিভাগ নদীতে অভিযানে যায়। দেবগ্রামের বেতকা এলাকায় ১৫-২০টি নৌকায় করে দুর্বৃত্তরা তাঁদের ধাওয়া করে। নির্বাহী কর্মকর্তাকে বহনকারী ট্রলারটি দ্রুত সরে গেলেও অপর ট্রলারে থাকা উপজেলার ডেপুটি আনসার কমান্ডার হানিফ মৃধা (৩৫) ও বনকর্মী সিদ্দিকুর রহমানকে (৪০) তুলে নেওয়া হয়। তাঁদের আটক করে পাবনার বেড়া উপজেলার চরমপন্থী-অধ্যুষিত ঢালার চরে নিয়ে যাওয়া হয়। সেখানে কয়েক শ জেলে ও দুর্বৃত্ত তাঁদের ব্যাপক মারধর করে। এ ঘটনায় দুর্বৃত্তদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। গত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে জাটকা সংরক্ষণ অভিযানে গেলে দৌলতদিয়া ও উজানচর জামতলা বাজারে সংঘবদ্ধ চক্র উপজেলা মৎস্য কর্মকর্তাসহ অন্যদের নাজেহাল করে।
উপজেলা মৎস্য কর্মকর্তা শীলা রায় বলেন, কারেন্ট জালের ব্যবহার বন্ধ করতে প্রায়ই নদীতে ও হাটবাজারে অভিযান চালানো হয়। পরপর অভিযান চালাতে গিয়ে কয়েকটি বড় বাধার মুখে পড়তে হয়েছে। তবে অভিযান অব্যাহত থাকবে।