পদ্মায় বাঁশের দীর্ঘ বেড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাট থেকে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট পর্যন্ত পদ্মা নদীেত অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে মাছ শিকার করা হচ্ছে। সাত কিলোমিটার দৈর্ঘ্যের এই নৌপথের অন্তত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে বাঁশের শতাধিক বেড়া দেওয়া হয়েছে।
বেড়া দেওয়ার কারণে নৌযান চলাচল ব্যাহত হচ্ছে। স্বাভাবিকভাবে মাছ ধরতে পারছেন না জেলেরা।
স্থানীয় অনেকে জানান, প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের শুরুতে পদ্মায় বেড়া দেওয়া হয়। এবার নদীর দক্ষিণ পাড়ে শিবচরের মাতবরের চর ও উত্তর পাড়ে কাঁঠালবাড়ী ইউনিয়নের মধ্যে বেড়াগুলো দেওয়া হয়েছে। বর্ষা মৌসুম শুরুর আগে নতুন বাঁশ ও জাল দিয়ে বেড়াগুলো সংস্কার করা হয়। প্রতিদিন ভোর ও সন্ধ্যায় জালে আটকে পড়া মাছ সংগ্রহ করা হয়। বেড়া দেওয়ার সঙ্গে মাতবরের চর ও কাঁঠালবাড়ী ইউনিয়নের খলিল ব্যাপারী, ইলিয়াস ব্যাপারী, সিরাজ সিকদার, সামাদ খাসহ অর্ধশত ব্যক্তি জড়িত বলে অভিযোগ করেন স্থানীয় ব্যক্তিরা।
খলিল ব্যাপারী গত রোববার মুঠোফোনে বলেন, ‘আমরা বেড়া তুলে ফেলব। আগামী কিছুদিনের মধ্যে এ চ্যানেলে একটি বেড়াও থাকবে না।’
সরেজমিনে দেখা যায়, কাওড়াকান্দি ঘাটের ৫০০ গজ দূর থেকে ওই বাঁশের বেড়া শুরু হয়েছে। একেকটি বেড়ার আকার একেক রকম। পাঁচ কিলোমিটারে আনুমানিক এক কিলোমিটার থেকে দুই কিলোমিটার দৈর্ঘ্যের বেড়াও আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও কাওড়াকান্দি ঘাটের লঞ্চ মালিক সমিতি সূত্রে জানা যায়, এ পথে ১৪টি ফেরি, ৮৬টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোট চলাচল করে। বাঁশের বেড়ার কারণে নৌযান চলাচল ব্যাহত হওয়া প্রসঙ্গে বিআইডব্লিউটিএর কাওড়াকান্দি ফেরিঘাটের সিনিয়র টার্মিনাল অফিসার জাহিদ হোসেন বলেন, ফেরিতে মাঝেমধ্যে জাল পেঁচিয়ে যায়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ফেরির এক নম্বর মাস্টার লুৎফর রহমান বলেন, দিনের চেয়ে রাতে চলাচলে সমস্যা বেশি হয়।
ই-আলিফ লঞ্চের চালক আবদুস সাত্তার বলেন, মাঝেমধ্যে বাঁশের বেড়া লঞ্চের জানালা দিয়ে ঢুকে যায়। ফলে যাত্রীরা আহত হন।
নদীতে সারা বছর মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন আশপাশের গ্রামের শতাধিক জেলে। মাতবরের চর ইউনিয়নের জেলে তোতা মল্লিক বলেন, ওই বেড়ার কারণে নদীতে তাঁরা স্বাভাবিকভাবে মাছ ধরতে পারছেন না। বাঁশের বেড়ার সঙ্গে সুতি জাল দিয়ে মাছ ধরা হচ্ছে। এতে একটি চিংড়ি মাছও ওই জাল থেকে বেরিয়ে যেতে পারে না।
মাতবরের চর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ডের সদস্য রহিম খান বলেন, প্রতিবছরই এভাবে বেড়া দেওয়া হয়। বেড়ার জন্য নৌযান চলাচলে সমস্যা হলে শিবচরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্থানীয় দুই ইউপি চেয়ারম্যানের সহায়তায় বেড়াগুলো উঠিয়ে দেওয়ার উদ্যোগ নিতে পারেন। মাদারীপুর জেলা মৎস্য কর্মকর্তা আকতার হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
শিবচরের ইউএনও ইমরান আহমেদ বলেন, ‘আমি গত শনিবার বেড়াগুলো দেখে এসেছি। বিআইডব্লিউটিএ আমাকে জানিয়েছে, বেড়াগুলোর জন্য ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এক সপ্তাহের মধ্যেই এগুলো তুলে ফেলার ব্যবস্থা নেওয়া হবে।’